২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পো থেকে লোক সারানোর প্রক্রিয়া ফের শুরু

পূর্ব আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত অংশ থেকে অবরুদ্ধ লোকজনকে সরিয়ে নেওয়া ফের শুরু হয়েছে, ইদলিবে বাস পোড়ানোর ঘটনার জেরে প্রক্রিয়াটি বন্ধ হয়ে গিয়েছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 01:00 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

জাতিসংঘের কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, রোববার রাতে পূর্ব আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত অবরুদ্ধ অংশগুলো থেকে অন্তত ৩৫০ জন বাস ও অ্যাম্বুলেন্স বহরে করে এলাকা ত্যাগ করেছেন। তারা পশ্চিমে সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকার দিকে গেছেন।  

এর আগে ওই দিন সকালে ইদলিব শহরের কাছাকাছি পাঁচটি বাস পুড়িয়ে দেয় বন্দুকধারীরা। এসব বাস সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত কিন্তু বিদ্রোহীদের দ্বারা অবরুদ্ধ ফোয়াহ ও কেফ্রাইয়া নামের দুটি শিয়া প্রধান গ্রামের লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য রওয়ানা হয়েছিল।

এ ঘটনার জেরে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের পরস্পরের অবরুদ্ধ অংশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল।

সম্প্রতি সিরিয়ার সরকারি বাহিনী পূর্ব আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করেছে। তবে শহরটির ওই অংশের বিচ্ছিন্ন কয়েকটি অংশ এখনও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়ে গেছে। মূলত বিদ্রোহীরা সেখানে আটকা পড়ে গেছে।

Image
আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে বেসামরিক লোকজন; ১৬ ডিসেম্বর, ২০১৬। রয়টার্স

আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে বেসামরিক লোকজন; ১৬ ডিসেম্বর, ২০১৬। রয়টার্স

সরকারি পক্ষের ব্যাপক বোমাবর্ষণে এসব এলাকার বেসামরিক লোকজন আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে রয়েছেন। খাবার ও চিকিৎসা বঞ্চিত এসব মানুষ ও অস্ত্র ত্যাগের মাধ্যমে বিদ্রোহী যোদ্ধারা ওই এলাকা ত্যাগ করতে পারবে বলে সরকার পক্ষ ও বিদ্রোহীদের মধ্যে সমঝোতা হয়।

কিন্তু বিদ্রোহীদের অবরোধের মধ্যে থাকা সরকার-নিয়ন্ত্রিত এলাকাগুলোর লোকজনকে সরিয়ে নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত করার সরকারি দাবির মুখে শুক্রবার দুপক্ষের প্রাথমিক সমঝোতা ভেস্তে যায়। পরে বিদ্রোহীরা এ প্রস্তাব মেনে নিলে দুপক্ষের মধ্যে নতুন একটি সমঝোতা হয়। কিন্তু বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় ফের বিপর্যয় ঘটে।

বাস পোড়ানোর জেরে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু রাতে পূর্ব আলেপ্পো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া শুরু হলে অনিশ্চয়তা কেটে যায়।

বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক ইমেইল বার্তায় জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ফের শুরু হয়েছে।

তিনি জানান, স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে লোকজন পূর্ব আলেপ্পো ছাড়তে শুরু করে।

ওদিকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সমন্বয়কারী চিকিৎসকদের একটি দলের প্রধান আহমদ আল দবিস জানিয়েছেন, ফোয়াহ ও কেফ্রাইয়া ছেড়ে আসা সরকারপন্থি লোকজনকে নিয়ে পাঁচটি বাস বিদ্রোহী-নিয়ন্ত্রিত খান আল আসাল এলাকায় পৌঁছেছে।

Image
ফোয়াহ ও কেফ্রাইয়ার অসুস্থ ও আহত লোকদের সরিয়ে নিতে রওয়ানা হওয়া বাসগুলো পুড়িয়ে দেয় জঙ্গি বিদ্রোহীরা; ১৮ ডিসেম্বর, ২০১৬। রয়টার্স

ফোয়াহ ও কেফ্রাইয়ার অসুস্থ ও আহত লোকদের সরিয়ে নিতে রওয়ানা হওয়া বাসগুলো পুড়িয়ে দেয় জঙ্গি বিদ্রোহীরা; ১৮ ডিসেম্বর, ২০১৬। রয়টার্স

খান আল আসাল থেকে এদের আলেপ্পো ও ইদলিব প্রদেশের সরকার-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিয়ে যাওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

ফোয়াহ ও কেফ্রাইয়ার অসুস্থ ও আহত লোকদের সরিয়ে নিতে যে পাঁচটি বাস রওয়ানা হয়েছিল সেগুলো জাবহাত ফাতাহ আল শাম (সাবেক নুসরা ফ্রন্ট) জঙ্গিগোষ্ঠী পুড়িয়ে দিয়েছে বলে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদনে বলা হয়েছে। 

কিন্তু সিরিয়ার সরকার পক্ষ হয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে নামা লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী জানিয়েছে, সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সমর্থনকারী কট্টরপন্থি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে প্রক্রিয়া বিরোধী ফাতাহ আল শাম গোষ্ঠীর লড়াই চলাকালে বাসগুলোতে আগুন ধরে যায়।

তবে বাসে হামলার বিষয়ে ফাতাহ আল শাম কোনো মন্তব্য করেনি।

বিদ্রোহীদের পশ্চিমাপন্থি অংশ ফ্রি সিরিয়ান আর্মি বাসে আগুন লাগানোর ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, “দায়িত্বজ্ঞানহীন এই পদক্ষেপের মাধ্যমে পূর্ব আলেপ্পোর প্রায় ৫০ হাজার মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে।”