আফগানিস্তানে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে নিহত ১৪
আফগানিস্তানের পশ্চিমের ফারাহ প্রদেশে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে জ্বালানিবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ নাসের মেহরি বলেন, রোববারের এই দুর্ঘটনায় আরও ৪০ জনের বেশি আহত হয়েছেন।
তাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
বিবিসি জানায়, বাসটি হেরাত প্রদেশ থেকে রাজধানী কাবুলে যাচ্ছিল।
কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বছর মে মাসে দেশটির একটি প্রধান সড়কে দুইটি বাস ও একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে ৭৩ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছিল।
