২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব আলেপ্পো থেকে মানুষ সরানো বন্ধ

বিদ্রোহীরা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে বলে দোষারোপ করে পূর্ব আলেপ্পো থেকে বিদ্রোহী যোদ্ধা ও অন্যান্য নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ বন্ধ করেছে সিরিয়া সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2016, 06:54 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

বিবিসি জানিয়েছে, সরকারি কয়েকটি সূত্র বলেছে, বিদ্রোহীরা সিরিয়ার সরকারপন্থি দুটো শহর থেকে অধিবাসীদের বের হতে বাধা দিয়ে চুক্তি ভঙ্গ করেছে।
 
এরই মধ্যে পূর্ব আলেপ্পো থেকে রওনা হওয়া বাসগুলো গুলির শিকার হয়েছে।
 
বৃহস্পতিবার অন্তত ৬ হাজার মানুষ শহর ছাড়লেও জাতিসংঘের হিসাবমতে, অন্তত ৫০ হাজার মানুষ এখনও আটকা পড়ে আছে।
 
রাশিয়া সমর্থিত সিরিয়া বাহিনী পূর্ব আলেপ্পোর প্রায় সব বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাই পুনর্দখল করেছে।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, শুক্রবার কোনও কারণ ব্যাখ্যা না করেই পূর্ব আলেপ্পো থেকে আহত ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ রাশিয়া বাহিনীর নির্দেশে বন্ধ করা হয়েছে।
 
জেনেভায় শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে পশ্চিম আলেপ্পো থেকে ডব্লিউএইচও-র প্রতিনিধি এলিজাবেথ হফ বলেন, ত্রাণ সংস্থা ও জনগণকে পরিবহনের জন্য আনা গাড়িগুলোকে পূর্ব আলেপ্পো ছেড়ে যেতে বলা হয়েছে।
 
হফ বলেন, “আহত ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অভিযান মাঝ পথেই বন্ধ করে দেওয়ার নির্দেশ সম্বলিত বার্তাটি ওই এলাকা পর্যবেক্ষণের দায়িত্বে থাকা রুশ কর্তৃপক্ষের কাছ থেকেই এসেছে বলে আমি ধারণা করছি।”
 
 তবে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বিদ্রোহীরা এলাকা ছেড়ে যাওয়ার সময় ভারী অস্ত্র চোরাচালান করা এবং বন্দিদেরকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করার কারণে মানুষ সরোনোর কাজ বন্ধ রয়েছে।
 
 এর আগে বাসে করে মানুষজন পূর্ব আলেপ্পো থেকে ইদলিবে যাওয়ার পথে রামুসেহ ক্রসিং এর কাছে বিম্ফোরণের শব্দ শোনা গেছে। মানুষজনকে উদ্ধারের সময়ে সহিংসতার জন্য দুপক্ষই একে অপরকে দোষারোপ করেছে।
 
পূর্ব আলেপ্পোর রামুসেহ এলাকা থেকে বৃহস্পতিবার ১০টি অ্যাম্বুলেন্স ও অন্তত ১৭টি বাসে করে প্রায় এক হাজার মানুষকে কাছাকাছি বিদ্রোহী নিয়ন্ত্রিত অন্য একটি এলাকায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি। এ এলাকাটি কয়েকমাস ধরে অবরোধ করে রেখেছে সিরিয়ার সরকার বাহিনী।  

ডব্লিউএইচও-র সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টার দিকে পূর্ব আলেপ্পো থেকে উদ্ধার করা ১৯৪ জন রোগীকে পশ্চিম আলেপ্পো, ইদলিব ও তুরস্কের কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হফ বলেন, যুদ্ধাহত বেশিরভাগ রোগীর মস্তিষ্ক ও চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে ডায়াবেটিসের মত ক্রনিক রোগেও আক্রান্ত।