ভারতে মহাসড়কের পাশে মদের দোকান বন্ধের নির্দেশ
ভারতের রাজ্য ও জাতীয় মহাসড়কের পাশে থাকা মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
বিবিসি বলছে, মাতাল হয়ে গাড়ি চালনা এবং সড়ক দুর্ঘটনা রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মদের দোকান চালানোর জন্য নয়া লাইসেন্স ইস্যু বন্ধসহ মহাসড়কের পাশে যে দোকানগুলো এখন রয়েছ সেগুলোর নবায়ন ৩১ মার্চের পর বন্ধ রাখতেও সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।
দেশটিতে গেল বছর ১ লাখ ৪৬ হাজারেরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।
এরমধ্যে ৫ শতাংশ বা ৬,৭৫৫ টি মৃত্যুর ঘটনা ঘটেছে চালকদের কারণে, যারা মাতাল বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।
ভারতের প্রধান বিচারপতি টিএস ঠাকুর বলেন, “জাতীয় ও রাজ্য মহাসড়কে কোনো মদের দোকান থাকাবে না।”
বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে তিনজন বিচারকের একটি বেঞ্চ এই নির্দেশ দেয়।
মহাসড়ক থেকে মদের বিজ্ঞাপন সরিয়ে নিতে এবং মহাসড়ক থেকে অন্ততপক্ষে ১,৬৪০ ফুট দূরে মদের দোকানের অবস্থান হতে হবে বলেও আদালত নির্দেশ দিয়েছে।
ভারতের গুজরাট, বিহার, মনিপুর এবং নাগাল্যান্ড এই চারটি রাজ্যে মদ নিষিদ্ধ। দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় মদ বিক্রি আংশিক নিষিদ্ধ।
