২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'একচীন নীতির বদল তাইওয়ানের শান্তিতে হুমকি'

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প প্রশাসন ‘এক চীন নীতি’ বদলের চেষ্টা করলে তা তাইওয়ানের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে বলে  হুঁশিয়ার করেছে চীন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 07:50 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

চীনের তাইওয়ান বিষয়ক নীতি-নির্ধারণী কার্যালয়ের মুখপাত্র অ্যান ফেংশান বুধবার বলেন, এক চীন নীতিতে হস্তক্ষেপ বেইজিং-ওয়াশিংটন সম্পর্কের সৌহার্দপূর্ণ অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বুধবার ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে ফেংশান বলেন “এক চীন নীতি বজায় থাকার মাধ্যমে রাজনৈতিকভাবে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়ন সম্ভব এবং এটিই তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকার মূল ভিত্তি।”

“যদি এই ভিত্তিতে হস্তক্ষেপ করা হয় বা এটি ক্ষতিগ্রস্ত হয় তবে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়নের প্রশ্নই উঠে না। এতে করে তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতায়ও এর মারাত্মকভাবে প্রভাব পড়বে।”

চীন সরকার তাইওয়ানকে তাদের বিচ্ছিন্ন প্রদেশ বলেই মনে করে।

১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং চীনের নেতা মাও সেতুংয়ের মধ্যে বৈঠকের মধ্য দিয়ে দু'দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর ১৯৭৯ সাল থেকে এখন পর্যন্ত ওয়াশিংটন তাইওয়ানকে এক চীনের অংশ হিসাবে স্বীকৃতি দিয়ে চীনের অবস্থানকে সমর্থন করে আসছে।

কিন্তু সম্প্রতি ‘ফক্স নিউজ সানডে’ তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ‘যুক্তরাষ্ট্র এক চীন নীতি মানতে বাধ্য নয়’ বলে মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “আমি এক চীন নীতি পুরোপুরিই বুঝি। কিন্তু যদি বাণিজ্যসহ অন্যান্য বিষয়ে চীনের সঙ্গে আমরা কোনও চুক্তি না করি, তাহলে আমাদেরকে কেন এক চীন নীতি মেনে চলতে হবে তা বুঝি না।”

এর আগে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়লাভের পর গত ২ ডিসেম্বর তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ফোনে ট্রাম্পকে শুভেচ্ছা জানান। সাই এর ফোন রিসিভ করায় ট্রাম্পের উপর ক্ষুব্ধ হয়েছে চীন।

 সোমবার চীন ট্রাম্পের মন্তব্যে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে ‘স্পর্শকাতর এই বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে দেখার’ আহ্বান জানিয়েছে।

ট্রাম্পের ওই মন্তব্যের পর ইউএস প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল হ্যারি হ্যারিস জোর দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্র অবশ্যই দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের একগুঁয়ে ও আগ্রাসী আচরণ প্রতিহত করবে।”