২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পালমিরায় আইএস নিয়ন্ত্রিত অংশে ‘রাসায়নিক’ হামলা

সিরিয়ার পালমিরা শহরের কাছে বিমান ও গ্যাস হামলায় কয়েক ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2016, 10:37 AM

Updated : 12 Apr 2022, 03:30 AM

বিবিসি বলছে, সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী এই তথ্য জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত অংশে সিরীয় সরকারের সঙ্গে যুক্ত বাহিনীগুলো ব্যাপক বোমা হামলা চালিয়েছে।

সমন্বিত এই হামলা চলাকালে কয়েক ডজনেওর বেশি মানুষ নিহত হয়েছেন।

আইএস জঙ্গিরা পালমিরা পুনরায় দখল করে নেওয়ার পর রুশ বিমান হামলায় জঙ্গি গোষ্ঠীটির সদস্যরা পিছু হটে। কিন্তু কয়েক ঘণ্টা পর রোববার শহরটি পুনরায় তারা দখল করে নেয়।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস হামা প্রদেশের সূত্রগুলোর বরাতে জানিয়েছে, তারা বেশকিছু মৃতদেহ দেখতে পেয়েছে। তবে দেহগুলোর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন ছিল না।

হামা প্রদেশের একটি নাগরিক গোষ্ঠী নিহতের সংখ্যা অন্ততপক্ষে ৪০ বলে দাবি করেছে।

সিরীয় সরকার এবং তাকে সমর্থন দিয়ে আসা রাশিয়া এরআগেও রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে।

রুশ বিমান বাহিনীর হামলার মুখে চলতি বছরের মার্চে আইএস ঐতিহাসিক প্রাচীন মরুনগরী পালমিরা ছেড়ে যেতে বাধ্য হয়। কিন্তু গেল সপ্তায় আকস্মিক হামলা চালিয়ে শহরটির পুনরায় দখল নেয় এই উগ্রপন্থি গোষ্ঠীটি।

ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ পালমিরা শহরটি ১০ মাস দখল করে রাখার সময় আইএস জঙ্গিরা প্রাচীন বিভিন্ন স্থাপনা ও নিদর্শন ধ্বংসের পাশাপাশি একজন প্রত্নতাত্ত্বিক পরিচালককে শিরশ্ছেদে হত্যা করে।

সেসময় ২০০০ বছরের পুরনো দুটি মন্দিরসহ আরো বেশকিছু নিদর্শন আইএস জঙ্গিরা গুঁড়িয়ে দিয়েছিল।