জাতিসংঘ মহাসচিব পদে শপথ নিলেন গুতেরেস
জাতিসংঘের নতুন মহাসচিব হিসাবে শপথ নিয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস।
সোমবার সাধারন পরিষদের ১৯৩ সদস্যের সামনে জাতিসংঘ সনদের পান্ডুলিপিতে হাত রেখে নবম মহাসচিব হিসাবে শপথ নেন গুতেরেস।
৬৭ বছর বয়সী গুতেরেস তার পূর্বসূরি বান কি-মুনের স্থলাভিষিক্ত হচ্ছেন। জানুয়ারির প্রথম দিন থেকেই দায়িত্ব পালন করবেন তিনি।
৭২ বছর বয়স্ক দক্ষিণ কোরীয় নাগরিক বান কি-মুন দুইবার পাঁচবছর মেয়াদে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালনের পর এবছর ডিসেম্বরে মেয়াদ শেষ করেছেন।
নতুন মহাসচিব গুতেরেস একজন পর্তুগীজ রাজনীতিবিদ। ১৯৯৫-২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী এবং ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন।
শপথ নিয়ে গুতেরেস বলেন, “সিরিয়া, ইয়েমেন, দক্ষিণ সুদানসহ বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় সমস্যা থেকে শুরু করে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের মতো দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নিষ্পত্তিতে আমাদের মধ্যস্থতা, আলোচনা এমনকি সৃজনশীল কূটনীতি দরকার।”
জাতিসংঘ মহাসচিবের দায়িত্বের আওতায় গুতেরেস ব্যক্তিগতভাবে সংঘাত সমাধানে নিয়োজিত হতে প্রস্তুত বলে জানিয়েছেন।
গুতেরেস ১২ জন প্রার্থীকে পেছনে ফেলে গত অক্টোবর মাসে জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচিত হন। এই ১২ প্রার্থীর ৭ জনই ছিলেন নারী। জাতিসংঘে প্রথম নারী মহাসচিব হওয়ার জোর গুঞ্জনের মধ্যেও শেষ পর্যন্ত গুতেরেসই নির্বাচিত হন।
৫ বছর মেয়াদকালে তিনি জাতিসংঘের নেতৃত্বের উচ্চ পর্যায়ে নারী-পুরুষ সমতা বিধানের লক্ষ্য নিয়ে কাজ করে যাবেন বলে জানিয়েছেন।
