সোমালিয়ার রাজধানীতে ট্রাকবোমা বিস্ফোরণে নিহত ২৯
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে দেশটির সবচেয়ে বড় সমুদ্র বন্দরের প্রবেশ পথে এক ট্রাকবোমা বিস্ফোরণে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।
রোববার চালানো এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল শাবাব, জানিয়েছে পুলিশ।
পার্লামেন্ট নির্বাচন বানচাল করতে হামলাটি চালানো হয়েছে বলে দাবি করেছে জঙ্গিগোষ্ঠীটি। গত তিন মাস ধরে চলা দেশটির পার্লামেন্ট নির্বাচন ২৯ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
পুলিশ কর্মকর্তা কর্নেল আব্দিকাদির ফারাহ বলেছেন, “অন্তত ২৯ জন বেসামরিক মারা গেছেন এবং আরো ৫০ জন আহত হয়েছেন। এটি একটি আত্মঘাতী ট্রাকবোমা ছিল বলে ধারণা করছি আমরা।”
হামলার তদন্তকারী কর্মকর্তা মেজর আব্দিকাদি আহমেদ বলেন, “মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গেইটের বাইরে কুলি ও সাধারণের গাড়ি দাঁড়িয়ে থাকার সময় বিস্ফোরণটি ঘটনো হয়।”
আল শাবাব জঙ্গিরা সোমালিয়াজুড়ে একের পর এক প্রাণঘাতী হামলা চালিয়ে আসছে।
বন্দরের এক কর্মী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণটি এক ‘আত্মঘাতী বোমাবাজের’ কাজ।
মোহামেদ হুসেইন নামের এই কর্মী বলেন, “বন্দরের বাইরের গেইটে আত্মঘাতী একটি গাড়িবোমা আঘাত করে, এর পরপরই গুলি করা হয়।”
হামলার পর বন্দরের কার্যক্রম স্থগিত করে কর্মীদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দরের অপর দুই কর্মী।
আল শাবাব বিদ্রোহীরা ‘আফ্রিকার শিং’ নামে পরিচিত এলাকায় অবস্থিত সোমালিয়া থেকে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের তাড়াতে চায়, দেশটির পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায় এবং দেশটিতে কঠোর ইসলামি শরিয়া আইন চালু করতে চায়।
