জার্মানির নির্বাচনেও রাশিয়ার হস্তক্ষেপের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের নির্বাচনের মতো জার্মানিতে আগামী বছরের নির্বাচনেও রাশিয়া সাইবার হামলার মাধ্যমে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির এক গোয়েন্দা কর্মকর্তা।
বিবিসি জানায়, জার্মানির বৈদেশিক গোয়েন্দা প্রধান বউনো কায়ে বলেছেন, গোয়েন্দা বিভাগ সাইবার হামলার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, “এ ধরনের হামলার একমাত্র উদ্দেশ্য রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করা। ইউরোপের দেশগুলোতে ইচ্ছাকৃতভাবে এ ধরনের বিঘ্ন সৃষ্টির চেষ্টা চলছে, বিশেষ করে জার্মানিতে।”
রাশিয়া বা রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের সংগঠনগুলোকে এ ধরনের হামলার জন্য বরাবরই দায়ী করা হয়।
জার্মানিতে জাতীয় নির্বাচনের প্রচার এখনও শুরু হয়নি। তবে গত সপ্তাহে চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল চতুর্থ মেয়াদের জন্য নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন।
মেরকেল সাংবাদিকদের বলেন, সাইবার হামলা এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে এবং জনগণের উচিত বাইরের কাউকে তাদের বিষয়ে হস্তক্ষেপ করতে না দেওয়া।
