২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় মোইজ জয়ী

হাইতির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ব্যবসায়ী জোভেনাল মোইজ জয়ী হয়েছেন বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 01:10 PM

Updated : 12 Apr 2022, 03:25 AM

বিবিসি বলছে, নির্বাচনের প্রথম দফায় মোইজ ৫৫.৬৭ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুড সিলিস্টান ১৯.৫২ শতাংশ ভোট পেয়েছেন বলে প্রাদেশিক ইলেকটোরাল কাউন্সিল প্রধান উদের অ্যান্টোইন জানিয়েছেন। 

এর আগের নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠার পর সেটি বাতিল হওয়ার এক বছর পর ২০ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০১৫ সালের অক্টোবরে হওয়া ওই নির্বাচনে মোইজ জয়ী হয়েছিলেন। কিন্তু বিরোধীপক্ষের প্রার্থী সিলিস্টান ওই নির্বাচনকে নিকৃষ্ট আখ্যা দিয়েছিলেন। এরফলে দেশজুড়ে সংঘাত ও সহিংসতা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে ওই নির্বাচনকে বাতিল ঘোষণা করা হয়।

এই নির্বাচনেরও ফলাফল ঘোষণার অপেক্ষার সময়টুকুতেও সহিংসতার ঘটনা ঘটেছে।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জোসেলেরমে প্রিভার্ট ফলাফল ঘোষণাকে সামনে রেখে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

কয়েক দশক ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার পর ২০১০ সালে  প্রলয়ঙ্করী এক ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয় হাইতি।

দেশটিতে এখনো লাখো মানুষ তাঁবু টানিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। সেখানে কলেরা মহামারী ছড়িয়ে পড়ায় প্রায় ১০ হাজার মানুষ মারা যান।