স্নোডেনের আবেদন নরওয়ের সর্বোচ্চ আদালতে খারিজ
নরওয়ে ভ্রমণ করলে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে না- এই নিশ্চয়তা চেয়ে এডওয়ার্ড স্নোডেনের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
রাশিয়ায় আশ্রয় নেওয়া যুক্তরাষ্ট্রের সাবেক এনএসএ ঠিকাদার ও সিআইএ কর্মী স্নোডেন চলতি বছরের এপ্রিলে এই আবেদন করেন।
বাক স্বাধীনতার জন্য পাওয়া একটি পুরস্কার গ্রহণের লক্ষ্যে নরওয়ে সফর নিরাপদ করার উদ্দেশ্যে তিনি এই উদ্যোগ নিয়েছিলেন।
স্নোডেনের এই আবেদন ইতিমধ্যে অসলোর জেলা আদালত এবং একটি আপিল আদালতেও খারিজ হয়েছিল। সুপ্রিম কোর্টও তার আবেদন খারিজের মধ্যদিয়ে বিষয়টির চূড়ান্ত সমাপ্তি ঘটল।
রাশিয়ায় পাড়ি জমানো স্নোডেন ২০১৩ সালে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) অনলাইনে এবং ফোনের উপরে নজরদারির বিস্তারিত তথ্য ফাঁস করে দিয়ে আলোচনায় উঠে আসেন।
এরফলে যুক্তরাষ্ট্র তাকে বিচারের মুখোমুখি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিচারে দোষী সাব্যস্ত হলে স্নোডেনের সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।
