ইউরোপে শরণার্থীর ঢল বইয়ে দেওয়ার হুমকি তুরস্কের
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তুরস্কের সদস্যপদ নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেলে ইউরোপে শরণার্থীর ঢল বইয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ান।
বিবিসি জানায়, ইইউ’য়ে তুরস্কের সদস্যপদ পাওয়া নিয়ে আলোচনা বন্ধে ইউরোপীয় পার্লামেন্টের একটি ভোটের উদ্যোগের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতেই শুক্রবার এরদোয়ান এ হুমকি দিয়ে বলেন, “বিষয়টি আর বেশিদূর গড়ালে তুরস্ক শরণার্থীদেরকে ইউরোপে যেতে দেওয়ার জন্য সীমান্ত খুলে দেবে।”
তুরস্ক এ উদ্যোগ নিলে ভেঙে পড়বে ইউরোপে শরণার্থীর ঢল কমানোর জন্য গত মার্চে স্বাক্ষরিত তুরস্ক-ইইউ শরণার্থী চুক্তি।
ওই চুক্তির আওতায়, শরণার্থীদেরকে ইউরোপে প্রবেশে বাধা দেওয়ার বিনিময়ে তুরস্ককে আর্থিক সহায়তা দেওয়া, তুর্কিদের ভিসাবিহীন ভ্রমণের সুযোগ এবং তুরস্ককে ইইউ-র সদস্যপদ দেওয়া বিষয়ে আলোচনা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
এরদোয়ানের অভিযোগ, ইইউ তাদের প্রতিশ্রুতি ‘ভঙ্গ’ করছে। তিনি বলেন, “আমার কথা শুনুন: যদি প্রতিশ্রুতির অন্যথা হয় তবে সীমান্ত দরজাগুলো আবার খুলে দেওয়া হবে।”
গত ১৫ জুলাইয়ে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর এরদোয়ান সরকারের ব্যাপক ধড়পাকড়ে উদ্বেগ প্রকাশ করে ইইউ। এ পরিস্থিতি ইইউ এর নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই মনে করছেন ইইউ পার্লামেন্টের সদস্যরা।
এ উদ্বেগজনক পরিস্থিতিতে ইইউ’য়ে তুরস্কের সদস্যপদ নিয়ে আলোচনা বন্ধের পদক্ষেপে ইউরোপীয় পার্লামেন্ট সমর্থন জানানোর পরদিনই আঙ্কারা ক্ষুব্ধ হয়ে ইইউ’কে ওই হুমকি দিল।
ইস্তাম্বুলে এক ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, “ শুনুন, আপনারা আর এগুলে সীমান্ত খুলে দেওয়া হবে। কথাটি মনে রাখবেন।”
এর জবাবে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের মুখপাত্র ইউলরিক দেমের বলেন, “চুক্তিতে সব পক্ষের স্বার্থ বিবেচনা করা হয়েছে। এখন যে পক্ষই হুমকি দিক, তা কারও জন্যই ভাল হবে না।”
বর্তমানে তুরস্কে প্রায় ৩০ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে, যাদের অধিকাংশই সিরিয়ার নাগরিক।
গত বছর প্রায় ১০ লাখ শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে। যাদের অধিকাংশই তুরস্ক হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে গেছে।
কিন্তু মার্চের চুক্তির পর তুরস্ক হয়ে গ্রিসে প্রবেশ করা শরণার্থী যারা আশ্রয়ের আবেদন করেনি বা আবেদন বাতিল হয়েছে তাদের তুরস্ক ফেরত পাঠানো হচ্ছে।
এছাড়া, শুধু সিরিয়ার ক্ষেত্রে একজন সিরিয়কে তুরস্কে ফেরত পাঠানোর পরিবর্তে তুরস্ক থেকে একজন সিরীয় যে আইনিভাবে আশ্রয়ের আবেদন করেছে তাকে ইউরোপে আশ্রয় দেওয়া হচ্ছে।
তুরস্ক-ইইউ চুক্তির পর ইউরোপে শরণার্থী প্রবেশের হার অনেকটা কমে গেছে।
