ইসরায়েলে দাবানলের ঘটনায় গ্রেপ্তার ১২
ইচ্ছাকৃতভাবে বনে আগুন দেওয়ার সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলের পুলিশ। গত চারদিন ধরে ইসরায়েল দাবানলে পুড়ছে।
এর আগে দেশটির গণনিরাপত্তা মন্ত্রী জিলাদ এরডান চ্যানেল টেন টেলিভিশন নিউজকে জানিয়েছিলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, বেশকিছু এলাকায় পুলিশ দাহ্যবস্তু এবং তরলের অস্তিত্ব পেয়েছে।
তিনি আরও বলেন, “আমাদের নতুন ধরনের সন্ত্রাস মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন।”
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কেউ আগুন লাগিয়ে থাকলে এটিকে সন্ত্রাসী তৎপরতা হিসেবে দেখা হবে।
দাবানলের কারণে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম নগর হাইফার প্রায় ৮০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। হাইফার কাছে থাকা দুটি কারাগারও খালি করে ফেলা হয়েছে।
আগুনে এখনও কারও মৃত্যুর খবর পাওয়া না গেলেও ছড়িয়ে পড়ায় ধোঁয়ার কারণে অসুস্থ অন্তত ১৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবিসি’র খবরে বলা হয়, অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা উত্তরাঞ্চলের নগরটির দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তবে এখনও বেশ কয়েকটি স্থানে ছোট আকারে আগুন জ্বলছে বলেও জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
আগুন পুরো নিয়ন্ত্রণে আনতে আরও বেশ কয়েকদিন লেগে যাবে বলে সতর্ক করেছেন তারা।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, দুই মাস ধরে টানা খরায় সৃষ্ট ওই দাবানল তীব্র বাতাসের কারণে শহরটির উত্তরাংশে দ্রুত ছড়িয়ে পড়ে।
যদিও স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে, ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন জ্বালিয়ে’ দাবানলের সৃষ্টি করা কথা বলা হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, “আগুন লাগার প্রতিটি ঘটনাই ছিল অগ্নিসংযোগের ফল। এ ধরনের ঘটনা সবদিক থেকেই সন্ত্রাস বলে গণ্য। আমরা বিষয়টিকে এভাবেই দেখব।”
তিনি আরো বলেন, “ইসরায়েল রাষ্ট্রের কোনো অংশ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা যে করবে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”
ইসরায়েলের পুলিশ প্রধান রোনি আলসেইচ আগুন লাগার এই ঘটনা কিছু কিছু সন্দেহের জন্ম দিয়েছে বলে জানিয়েছেন।
তিনি জানান, যদি আগুন লাগার ঘটনাটি পরিকল্পিত হয়ে থাকে তবে এমন ভাবাটাই নিরাপদ যে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
দেশটির শিক্ষামন্ত্রী নাফতালি বেনেট এ ঘটনায় আরব কিংবা ফিলিস্তিনিদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন। টু্যইটারে তিনি লিখেছেন, “যারা এই দেশের অস্থিত্ব স্বীকার করে না তাদের পক্ষেই এই অগ্নিকাণ্ড ঘটানো সম্ভব।”
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলি কর্মকর্তারা ফিলিস্তিনিদের উপর দায় চাপানোর লক্ষ্যে আগুন লাগার ঘটনাটিকে সুযোগ হিসেবে ব্যবহার করছেন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, “যা পুড়ছে তা ঐতিহাসিক ফিলিস্তিনের বৃক্ষ এবং ভূমি।”
দাবানলের কারণে পশ্চিম তীর ও জেরুজালেমের ঘর-বাড়িও হুমকির মুখে রয়েছে।
বৃহস্পতিবার রাতে জেরুজালেমের নিকটবর্তী বেইত মেইর শহর থেকে কয়েকশ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, বেইত মেইর শহরে ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দাবানলের সৃষ্টি করেছেন সন্দেহে পুলিশ তিন ব্যক্তিকে আটক করেছে।
উত্তরের শহর হোরাশিমের বাসিন্দাদেরও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
দাবানল নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য রাশিয়ার দুইটি বিমান শুক্রবার ভোরে তেল আবিব বিমানবন্দরে অবতরণ করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রুশ জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়।
বিমান দুইটি ১২ হাজার লিটার পানি বহনে সক্ষম।
বিবিসি জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি সুপারট্যাঙ্কার ইসরায়েলে পৌঁছানোর কথা রয়েছে। সুপারট্যাঙ্কারটি ৭৪ টন পানি এবং আগুন নিয়ন্ত্রণে ব্যবহৃত রাসায়নিক বহনে সক্ষম।
এছাড়া সাইপ্রাস, ইতালি, ক্রোয়েশিয়া এবং গ্রিস দাবানল নিয়ন্ত্রণে ইসরায়েলের দিকে হাত বাড়িয়ে দিয়েছে।
২০১০ সালের পর এটাই ইসরায়েলে সবচেয়ে মারাত্মক দাবানলের ঘটনা। সেবার হাইফার দক্ষিণে মাউন্ট কর্মেলে দাবানলে ৪৪ জনের মৃত্যু হয়।
