২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় নিহত ৮০

ইরাকের রাজধানী বাগদাদের ১শ’ কিলোমিটার দক্ষিণে হিলা শহরের একটি পেট্রোল স্টেশনে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Nov 2016, 09:28 PM

Updated : 12 Apr 2022, 03:22 AM

নিহতদের বেশির ভাগই ইরানি শিয়া পূণ্যার্থী। পুলিশ ও চিকিৎসাকর্মীরা বৃহস্পতিবার একথা জানিয়েছে।

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী একটি অনলাইন বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।  আমাক বার্তা সংস্থায় দেওয়া এ বিবৃতিতে গোষ্ঠীটি বোমা হামলায় ২০০ জন হতাহত হয়েছে বলে দাবি করেছে।

হামলার সময় পূণ্যার্থীরা পবিত্র শিয়া নগরী কারবালা থেকে ইরানে ফেরার পথে ছিল। তাদেরকে বহনকারী বাস লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শোমালি গ্রামের কাছের ওই পেট্রোল স্টেশনটিতে ভ্রমণকারীদের জনপ্রিয় একটি রেস্তোঁরা আছে। সেখানেই বিস্ফোরক ভর্তি ট্রাকটি দাঁড় করানো ছিল বলে জানানো হয়েছে কয়েকটি প্রতিবেদনে।

শক্তিশালী বিস্ফোরণে স্টেশনটি পুরো ধ্বংস হয়ে যায় এবং পূণ্যার্থীদের বহনকারী ৫ টি বাস আগুনে পুড়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

প্রাদেশিক নিরাপত্তা প্রধান ফালাহ আল-রাদি বিবিসি কে বলেন, নিহত ৮০ জনের মধ্যে ইরানিরা আছে এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইরাকে গত ১৭ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বধীন বাহিনীর মসুল অভিযান শুরুর পর থেকে ইসলামিক স্টেট তাদের নিয়ন্ত্রণের বাইরের এলাকাগুলোতে হামলা বাড়িয়েছে।