দ. কোরিয়ার প্রেসিডেন্টের অভিশংসন চায় বিরোধীদলগুলো
দুর্নীতি কেলেংকারিতে জড়িত থকার অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অভিশংসিত করতে চাইছে বিরোধীদলগুলো।
দক্ষিণ কোরিয়ার বিরোধীদল পিপলস পার্টি প্রেসিডেন্ট পার্কের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার জন্য এর পক্ষে মানুষের সই সংগ্রহের কর্মসূচি শুরু করবে।
অন্যদিকে, প্রধান বিরোধীদল ডেমোক্রেটিক পার্টি অভিশংসন প্রক্রিয়ার নানা দিক খতিয়ে দেখবে বলে সোমবার জানিয়েছেন দলের মুখপাত্র।
দক্ষিণ কোরিয়ার কৌঁসুলিরা রোববার জানান, প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই তার বন্ধুর দুষ্কর্মে অনেকটা সহযোগিতা করেছেন বলেই তাদের ধারণা। পার্কের দীর্ঘদিনের বন্ধু চই সুন-সিল বিভিন্ন কোম্পানির কাছ থেকে প্রভাব খাটিয়ে কোটি কোটি ডলারের বেশি অর্থ আদায়ের জন্য অভিযুক্ত হয়েছেন।
এ কেলেংকারির ঘটনায় পার্ক ইতোমধ্যেই অনেক চাপের মুখে পড়েছেন এবং তার বিরুদ্ধে ক্রমাগতই বিক্ষোভ হয়ে আসছে।
এ বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্যে পার্লামেন্টে ৩৮ আসনের বিরোধীদল দ্য পিপলস পার্টি পার্ককে ক্ষমতা থেকে সরানোর তোড়জোড় শুরু করেছে এবং তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবে সমর্থন আদায়ের চেষ্টায় অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনাও করবে।
অভিশংসন প্রক্রিয়া শুরু হতে পার্লামেন্টের অন্তত অর্ধেক সদস্যের সমর্থন এবং এ প্রস্তাব পাস হতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। এ প্রস্তাব পার্লামেন্টে পাস হলে সাংবিধানিক আদালত এটি পর্যালোচনা করে দেখবে এবং এতে অন্তত ছয়জন বিচারকের সম্মতি লাগবে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পার্কের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা আছে।
পার্লামেন্টে ১২১ আসনের প্রধান বিরোধীদল ডেমোক্রেটিক পার্টির প্রধান চু মি-আয়ে দলীয় বৈঠকে বলেছেন, “যতটা সম্ভব অভিশংসন প্রক্রিয়ার নিখুঁত প্রস্তুতি নেওয়া দরকার।” তবে পার্কের জন্য পদত্যাগ করাটাই সবেচেয়ে ভাল হবে বলে মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য বলছেন, বিরোধীদলগুলো অভিশংসনের জন্য খুব বেশি কঠোর অবস্থান নিচ্ছে না। কারণ, এ উদ্যোগ ব্যর্থ হলে পার্কের সংকট উতরে যাওয়ার সুযোগ বাড়বে।
