২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় বাহিনীর গোলায় ‘আজাদ’ কাশ্মিরে নিহত ৪

কাশ্মিরের তথাকথিত নিয়ন্ত্রণ রেখার ভারতীয় পাশ থেকে ছোড়া গোলায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে তিন বালিকা ও এক কিশোর নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 01:22 PM

Updated : 12 Apr 2022, 03:20 AM

এ ঘটনায় অপর এক বালিকাসহ আরো তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি দৈনিক ডন।

স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের বরাতে ডন জানিয়েছে, ‘আজাদ’ কাশ্মিরের দক্ষিণাঞ্চলীয় কোটলি জেলার চারহোই তেহশিলের কেরি সেক্টরে শনিবার ঘটনাটি ঘটেছে।

ওই এলাকার অতিরিক্ত কমিশনার রাজা আরিফ মোহম্মদ জানিয়েছেন, সকাল ৯টা ৪৫ মিনিট থেকে গোলাবর্ষণ শুরু করে ভারতীয় বাহিনী।

“থেমে থেমে ব‌্যাপক গোলাবর্ষণ করা হচ্ছে। ভারতীয়রা প্রায়ই এখানে হামলা চালাচ্ছে,” বলেন তিনি।

“সবজকোট গ্রামের একটি বাড়িতে আঘাত করা একটি গোলায় এক কিশোর, তার ছোট দুই বোন ও এক চাচাত বোন নিহত হন।”

নিহতরা শেহজাদ (১৮), ফাইজা (১০), শাহনাজ (১২) ও আরিবা (৫) বলে জানিয়েছেন তিনি।

শেহজাদের ভাই মাহমুদ (২৪) এবং আরিবার বড়বোন ইকরাকে (১২) সঙ্কটজনক অবস্থায় স্থানীয় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আরিফ মোহম্মদ।

দক্ষিণাঞ্চলীয় অপর জেলা ভিমবারের কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকার সামাহনি এবং বারনালা তেহশিলের গ্রামগুলোতেও গোলাবর্ষণ করা হচ্ছে।

সামাহনি থানার একটি পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রচণ্ড গোলাবর্ষণ করা হয়, এতে বারোহ গ্রামের এক নারী আহত হন।

বিকাল ৩টা থেকে বারনালা তেহশিল লক্ষ‌্য করে গোলাবর্ষণ শুরু হয় বলে জানিয়েছেন বারনালা থানার এক কর্মকর্তা। 

পাকিস্তান আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, “বিনা উস্কানিতে ভারতীয় বাহিনীর শুরু করা গোলাবর্ষণের সমুচিত জবাব দিচ্ছে পাকিস্তানি সেনারা।”