২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্রয়প্রার্থীর আত্মহননের চেষ্টায় মেলবোর্নে ব্যাংকে আগুন

অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি ব্যাংকের ভেতর নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তি মিয়ানমার থেকে আসা একজন আশ্রয়প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 08:03 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

শুক্রবার মেলবোর্নের কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার (সিবিএ) একটি শাখায় এক ব্যক্তি শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

বিবিসি জানায়, এ ঘটনায় ওই ব্যক্তিসহ আরও পাঁচজন অগ্নিদগ্ধ এবং অন্তত ২১ জন ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে।

পুলিশ পাহারায় হাসপাতালে ২১ বছর বয়সী ওই তরুণের চিকিৎসা চলছে।

ওই তরুণের নাম নূর বলে জানিয়েছেন তার এক বন্ধু।

মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের নূর তিন বছর আগে সমুদ্র পথে অস্ট্রেলিয়ায় আসে এবং শরণার্থী ভিসার আবেদন করে।

মেলবোর্নে আসার আগে ভারত মহাসাগরের ক্রিস্টমাস দ্বীপে অস্ট্রেলিয়ার ডিটেনশন ক্যাম্পে ছিলেন নূর। তার ভিসা আবেদনের রায় স্থগিত হয়ে আছে।

নূরের বন্ধুরা জানান, সরকারের দেওয়া কল্যান ভাতা তুলতে বুধবার ব্যাংকে যাওয়ার পর নূর জানতে পারেন তার একাউন্টে কোনো অর্থ জমা পড়েনি।

অস্ট্রেলিয়ান বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হাবিব হাবিব মেলবোর্ন এজ কে বলেন, “সে (নূর) ভোগান্তির মধ্যে ছিল। তার বন্ধুরা আমাকে জানিয়েছে, তার কল্যান ভাতা ব্যাংক একাউন্টে জমা পড়েনি এবং সে তার বাড়ি ভাড়া দিতে পারছে না।”

“এই ব্যবস্থা তাদের সবাইকে পাগল বানিয়ে দিয়েছে। আইনী জটিলতার তাদের জীবন নরক হয়ে গেছে।”

শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের আইনজীবী পামেলা কুর বলেন, নূর মনরোগেও ভুগছিলেন।

অস্ট্রেলিয়া সরকার প্রায় ৩০ হাজার আশ্রয় প্রার্থীর আবেদন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করেছে বলেও জানান কুর।