নেটোর আশ্রয় প্রার্থনায় তুর্কি কর্মকর্তারা
নেটোর কাছে আশ্রয় চেয়েছেন জোটটিতে কর্মরত বেশ কয়েকজন তুর্কি কর্মকর্তা। তুরস্কে গত জুলাইয়ে ব্যর্থ সেনা অভ্যুত্থান প্রচেষ্টার পর কর্মকর্তারা এ আশ্রয় চাইলেন বলে জানিয়েছেন নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ।
তিনি বলেন, তুরস্কের ওই কর্মকর্তাদেরকে যেসব দেশে পোস্টিং দেওয়া হয়েছে তারা সে দেশগুলোর কাছেই আশ্রয় চেয়েছেন।
কিন্তু কয়জন কর্মকর্তা এ আশ্রয় চেয়েছেন, তাদের নামই বা কি আর কেনই বা তারা এমন অনুরোধ করেছেন সে সম্পর্কে কিছু জানাননি স্টলটেনবার্গ।
যে সব দেশের কাছে আশ্রয় চাওয়া হয়েছে তারা আলাদা আলাদাভাবে অনুরোধ বিবেচনা করে দেখবে বলে জানিয়েছে বিবিসি।
জুলাইয়ে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার পর তুরস্ক হাজার হাজার মানুষকে চাকরি থেকে বরখাস্ত করাসহ অনেককেই বন্দি করেছে এবং গ্রেপ্তার করেছে। এদের মধ্যে সামরিক বাহিনীর কর্মকর্তারা ছাড়াও আছে শিক্ষক, পুলিশ, বিচারক এমনকি সাংবাদিকরাও।
তুরস্ক সরকার ওই অভ্যুত্থান প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রে নির্বাসিত ফেতুল্লাহ গুলেনকে দায়ী বলে মনে করে। তবে গুলেন অভ্যুত্থানে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন।
নেটো মহাসচিব স্টলটেনবার্গ শুক্রবার বলেছেন, “নেটো কমান্ড স্ট্রাকচারে কাজ করা কয়েকজন তুর্কি কর্মকর্তা ওইসব দেশের কাছেই আশ্রয় চেয়েছেন যেখানে তারা কাজ করছেন।”
জার্মানির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তুরস্কের সামরিক বাহিনীর কয়েকজন সদস্য জার্মানিতে আশ্রয় প্রার্থনা করেছে।
