জার্মানিতে শেষ সফরে ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শেষ ইউরোপ সফরে এখন জার্মানিতে আছেন বারাক ওবামা।
বুধবার তিনি জার্মানির রাজধানীতে পৌঁছান। এদিন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সঙ্গে ওবামা বিশ্বায়নের পক্ষে জোরাল বক্তব্য দিয়ে একটি যৌথ বিবৃতি ইস্যু করেছেন বলে জানিয়েছে বিবিসি।
তারা বলেছেন, বিশ্বের অর্থনীতি এখন যেকোনও সময়ের চেয়ে দ্রুত উন্নত হচ্ছে। ফলে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতাটা এখন খুবই গুরুত্বপূর্ণ।
ওবামা বার্লিন ত্যাগ করার আগে অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গেও দেখা করবেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে এবং ইতালি, ফ্রান্স ও স্পেনের নেতাদের সঙ্গে শুক্রবার কথা বলবেন তিনি। এরপর পেরুতে যাবেন ওবামা।
ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় রাশিয়ায় কার্যকর থাকা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো নিয়ে কথা হতে পারে৷
ইউক্রেনের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়ার কারণে ২০১৪ সালে রাশিয়ার ওপর ঐ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ আগামী জানুয়ারি মাস শেষে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা৷ সিরিয়ায় বোমা হামলার কারণে নতুন করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যায় কিনা, তা নিয়েও আলোচনা হতে পারে৷
