২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ৩০০ সাবেক পুলিশকে মারল আইএস

ইরাকে সাবেক ৩শ’রও বেশি পুলিশ সদস্যকে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 06:42 PM

Updated : 12 Apr 2022, 03:19 AM

তিন সপ্তাহ আগে তাদের হত্যা করে মসুলের দক্ষিণাঞ্চলের হাম্মাম আল-আলিল শহরের কাছে গণকবর দেয় জঙ্গি গোষ্ঠীটি।

বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) একথা জানিয়েছে।

গণকবর স্থল  পরিদর্শন করেছে রয়টার্সের রিপোর্টাররা।

ওই এলাকার বান্দিারা জানায়, হাম্মাম আল-আলিল ছেড়ে যাওয়ার আগে আইএস গত কয়েক সপ্তাহে ২০০ জনকে হত্যা করে। মাথায় গুলি করে অথবা শিরশ্ছেদ করেতাদেরকে হত্যা করা হয়।

ওদিকে, এইচআর ডব্লিউ বলেছে, কাছের কয়েকটি শহর ও গ্রামের প্রায় ২ হাজার মানুষের মধ্য থেকে গত মাসে সাবেক কয়েকজন পুলিশ সদস্যকে আলাদা করে জঙ্গিদের সঙ্গে তাদেরকে মসুলের উত্তরে এবং তাল আফার শহরে নিয়ে গেছে আইএস।

স্থানীয় এক অধিবাসীর উদ্ধৃতি দিয়ে এইচআরডব্লিউ জানিয়েছে, আইএস যোদ্ধারা ৪ টি ট্রাক বোঝাই করে ১০০ থেকে ১২৫ জন মতো মানুষকে নিয়ে গেছে। তাদের কেউ কেউ সাবেক পুলিশ সদস্য বলে চিনতে পারেন ওই ব্যক্তি। এর কয়েকমিনিট পরই গুলির শব্দ ও চিৎকার শোনা যায়। পরের দিন রাতেও ঘটে একই ঘটনা।

হাম্মাম আল আলিলের আরেক অধিবাসীও জানান, পরপর তিনরাত হত্যাযজ্ঞ চলেছে।

এ বিষয়ে এইচআরডব্লিউ’র মধ্যপ্রাচ্য বিষয়ক ডেপুটি ডিরেক্টর জো স্ট্রোক বলেন, মসুলের ভেতরে ও বাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর সাবেক সদস্যদের আটকের পর আইএসের বর্বর গণহত্যার আরেকটি নজির এটি। এ ধরনের মানবতাবিরোধী অপরাধের জন্য আইএসের জবাবদিহি করা দরকার।