২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন বিখ‌্যাত গীতিকার, রকশিল্পী লেনার্ড কোহেন

কানাডীয় সংগীতশিল্পী লেনার্ড কোহেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2016, 11:04 AM

Updated : 11 Oct 2022, 09:02 PM

বিবিসি বলছে, তার ফেইসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, কিংবদন্তী কবি, গীতিকার ও শিল্পী লেনার্ড কোহেন মারা গেছেন।”

বিবৃতিতে আরো বলা হয়, “সংগীতের অন‌্যতম সম্মানিত ও সামর্থ‌্যবান একজন স্বপ্নদ্রষ্টাকে আমরা হারিয়েছি।”

Image
সংগীতশিল্পী লিওনার্ড কোহেন। ছবি: রয়টার্স

সংগীতশিল্পী লিওনার্ড কোহেন। ছবি: রয়টার্স

কোহেনের মৃত‌্যুর কারণ সম্পর্কে বিস্তারিত আর কিছু বিবৃতিতে বলা হয়নি।  তবে পরবর্তী কোনো এক সময়ে লস অ‌্যাঞ্জেলসে তার স্মরণানুষ্ঠান হবে বলে জানানো হয়েছে।

মন্ট্রিলে জন্মগ্রহণকারী এই সংগীতশিল্পী দীর্ঘদিন ধরেই লস অ‌্যাঞ্জেলসে বসবাস করতেন। ‘সুজান’ এবং ‘আই অ‌্যাম ইয়োর ম‌্যান’সহ তার অনেক জনপ্রিয় অ‌্যালবাম রয়েছে। গেল মাসে ‘ইউ ওয়ান্ট ইট ডার্কার’ নামে তার ১৪তম গানের অ‌্যালবাম মুক্তি পেয়েছিল।

২০০৮ সালে তাকে ‘রক অ‌্যান্ড রোল হল অব ফেম’-এ স্থান দেওয়া হয়।

ইহুদি পরিবারে জন্মগ্রহণ করলেও পরবর্তী সময়ে তিনি জেন বৌদ্ধ দর্শনে অনুরক্ত হয়ে পড়েন।

১৯৯৪ থেকে ১৯৯৯ সাল এই পাঁচবছর তিনি সংগীত জগৎ থেকে বিরতি নেন। ওই সময়টুকু তিনি পূর্ব লস অ‌্যাঞ্জেলসের মাউন্ট বলদি জেন সেন্টারে কাটান।

Image
সংগীতশিল্পী লিওনার্ড কোহেন। ছবি: রয়টার্স

সংগীতশিল্পী লিওনার্ড কোহেন। ছবি: রয়টার্স

সংগীতের ভুবনে পুনরায় ফিরে আসা সম্পর্কে তিনি বলেন, “আমার জীবন চরম বিশৃঙ্খলায় বিপর্যস্ত ছিল। সেখানে আমি কিছুটা শৃঙ্খলা অর্জন করতে সক্ষম হয়েছি। আর সে কারণেই আমি সংগীতে ফিরে আসার সিদ্ধান্ত নেই।”