২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ড বিলুপ্তির আহ্বান পোপের

কারাদণ্ড ভোগরত একহাজার বন্দির এক জমায়েতে দেওয়া ভাষণে পোপ ফ্রান্সিস তাদের আশা না ছাড়ার উপদেশ দিয়েছেন। পাশাপাশি কর্তৃপক্ষের প্রতি মৃত্যুদণ্ড বিলুপ্ত করার আহ্বানও জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 01:34 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

বিবিসি বলছে, ভ্যাটিকানে অনুষ্ঠিত এই জমায়েতে ১২টি দেশের বিভিন্ন অপরাধে দণ্ডিত কারাবন্দিরা অংশ নিয়েছেন।

বন্দিরা ছাড়াও অন্যান্যদের মিলিয়ে এই জমায়েতে অংশ নেওয়া মানুষের সংখ্যা প্রায় ৩ হাজার।

পোপ নিয়মিত কারাবন্দিদের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু এবারই প্রথমবারের মতো এতো বিশাল সংখ্যক কারাবন্দিকে ভ্যাটিকানে জড়ো করা হয়েছে।

পোপ কারাবন্দিদের মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি, যখনই সম্ভব হবে তখনই বন্দিদের ক্ষমা করে দেওয়ারও আহ্বান জানান।

এ সময় তিনি মৃত্যুদণ্ড বিলুপ্ত করার আহ্বানও জানিয়েছেন পোপ।

পোপ কর্তৃপক্ষের প্রতি কারাগারের অবস্থার উন্নয়ন এবং বন্দিদের সঙ্গে সদাচরণের আহ্বান জানান, যা তাদের সাজাভোগ শেষে সমাজে ফিরতে সাহায্য করবে।

পোপ বলেন, “আমি বলতে চাই, প্রতিবারই যখন কোনো কারাগারে যাই তখনই নিজেকে প্রশ্ন করি, কেন তাদের, কেন আমি নই? প্রত্যেকেরই ভুল করার সম্ভাবনা রয়েছে, প্রত্যেকের। আমরা সবাই ভুল করি।”

“কিন্তু নিশ্চিত কিছু বিভ্রান্তি রয়ে গেছে, যেখানে আমরা মনেই করি না, মানুষ তার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে। সমাজে পুনর্বাসনের ক্ষেত্রে আমাদের আস্থা সামান্যই।”-বলেন পোপ।

ভ্যাটিকান জানিয়েছে, রোববারের গণজমায়েতের জন্য বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিদেশি বন্দিরাও এসেছিলেন। বেশিরভাগই ইতালির বিভিন্ন কারাগার থেকে এসেছেন। কারাগারের যাজক ও স্বেচ্ছাসেবীদের সাথে এসে বন্দিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও মিলিত হয়েছেন।