২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বেডফোর্ড কারাগারে ‘বিশৃঙ্খলার’ অবসান

ইংল্যান্ডের মধ্যাঞ্চলে বেডফোর্ড কারাগারে একাংশের নিয়ন্ত্রণ নিয়েছিল কারাবন্দিরা, তা ‘সাফল্যজনকভাবে সমাধান’ করা হয়েছে জানিয়েছে প্রিজন সার্ভিস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 12:04 PM

Updated : 12 Apr 2022, 03:15 AM

স্থানীয় সময় রোববারের এ ঘটনার পর সারা দেশ থেকে ডেকে আনা অতিরিক্ত কারা কর্মকর্তা ও স্থানীয় পুলিশ কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে নেমেছিল।

দমকল কর্মীরা অগ্নিনির্বাপণের গাড়ি নিয়ে ও চিকিৎসা কর্মীরা অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন।

প্রিজন অফিসার্স অ্যাসোসিয়েশনের (পিওএ) মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন “সেখানে গুরুতর ঘটনা ঘটেছে, কারাগারের দুটি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে কয়েদিরা।”

পিওএ জানিয়েছে, এই ঘটনায় প্রায় ২৩০ জন কারাবন্দি জড়িত ছিল। তারা রোববার বিকেল ৫টার দিকে নিজেদের সেল থেকে বের হয়ে চাবি ছিনিয়ে নেয়, ওষুধের স্টোরগুলোতে ভাংচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় কারাগারের কোনো কর্মী আঘাত পাননি, কিন্তু দুজন কয়েদিকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তাদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছে প্রিজন সার্ভিস।

ছয় ঘন্টা ধরে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন তারা।