তুরস্কের কুর্দি-পন্থি পার্টির পার্লামেন্ট বয়কট
কয়েকজন নেতা এবং দলীয় সংসদ সদস্যদের আটকের পর তুরস্কের কুর্দিপন্থি বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) পার্লামেন্ট আংশিক বয়কট করার ঘোষণা দিয়েছে।
তুরস্কের পার্লামেন্টে দ্বিতীয় বৃহৎ বিরোধীদল এইচডিপি।
রোববার এইচডিপি-র পক্ষ থেকে বলা হয়, তারা পার্লামেন্ট পুরোপুরি প্রত্যাহার করছে না। তবে তাদের দলের সংসদ সদস্যরা পার্লামেন্টের অধিবেশনে যোগ দেবে না এবং পার্লামেন্টারি কমিশনের কোনও বৈঠকে অংশ নেবে না।
দলীয় কার্যালয় থেকে এক বিবৃতিতে এইচডিপি মুখপাত্র আয়হান বিলগেন বলেন, “বর্তমানে যা কিছু ঘটছে তার আলোকে দলীয় সংসদ সদস্য এবং কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সঙ্গে আলোচনার পর আমরা আমাদের সংসদীয় কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।”
এইচডিপি কর্মকর্তারা মাঠ পর্যায়ে দলীয় সমর্থকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন এবং পার্লামেন্ট পুরোপুরি বর্জনের বিষয়ে সিদ্ধান্ত নেবের বলেও জানান তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, দলটির কয়েকজন নেতা এবং সংসদ সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জুলাইয়ে ব্যর্থ সেনা অভ্যূত্থানের পর এর সঙ্গে সম্পর্ক থাকতে পারে অভিযোগ তুলে এখন পর্যন্ত এক লাখ ১০ হাজারের বেশি সেনা কর্মকর্তা, বিচারক, শীর্ষ পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিককে আটক অথবা বরখাস্ত করেছে তুরস্ক সরকার।
তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের নির্দেশে এই গণধরপাকড় চলছে।
পাশ্চিমা বিশ্ব ও মানবাধিকার সংস্থাগুলো এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও এরদোয়ান সরকার তাদের সিদ্ধান্তে অবিচল আছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলের আংশিকভাবে পার্লামেন্ট বয়কট দেশটির গণতন্ত্রের চর্চা নিয়ে পশ্চিমা বিশ্বকে নতুন করে উদ্বেগে ফেলে দেবে।
নেটোভূক্ত দেশ তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে আগ্রহী। এ বিষয়ে ইইউ কর্মকর্তাদের সঙ্গে তুর্কি কর্মকর্তাদের দেন দরবারও চলছে।
তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলের কুর্দি জনগোষ্ঠিই মূলত এইচডিপির সমর্থক। এইচডিপি-র দুই উপপ্রধান সেলাহাতিন দিমির্তাস ও ফিগেন ইউসেদাগকে শুক্রবার বিচার চলাকালীন কারাগারে রাখার আদেশ দিয়েছে তুরস্কের একটি আদালত। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে তদন্ত চলছে।
এছাড়া, এইচডিপি-র আরও ১০ জন সংসদ সদস্যকে আটক করা হয়েছে। যদিও তাদের কয়েকজনকে পরে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। কুর্দি নেতাদের আটকের পর জার্মানি ও ডেনমার্ক সেখানে অবস্থিত তুরস্কের রাষ্ট্রদূতদের এ বিষয়ে জবাব দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ বলেন, “তুরস্ক সরকারের এই কাজ ইইউ ও তুরস্কের মধ্যে স্থায়ীয় সম্পর্ক গঠনের ভিতকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।”
