‘নিখোঁজ মালয়েশীয় বিমান মিনিটে ২৫ হাজার ফুট বেগে নিচে পড়েছে’
দুই বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ৩৭০ শেষ সময়ে সম্ভবত প্রতি মিনিটে ২৫ হাজার ফুট বেগে নিচে পড়েছে এবং পানিতে পড়ার সময় কোনো ধরনের প্রস্তুতি নেয়ারও সুযোগ পায়নি, ধারণা অস্ট্রেলীয় তদন্তকারীদের।
তাদের সাম্প্রতিক তদন্তের সূত্র ধরে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) ।
এটিএসবি জানিয়েছে, নিখোঁজ বিমানটির খুঁজে পাওয়া ধ্বংসাবশেষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে, বিমানটির ডান ডানার ফ্লাপ বিমানটি থেকে বিচ্ছিন্ন হওয়ার আগে চলনমুখি অবস্থানেই ছিল। একই সমসয় বিমানটির স্যাটেলাইট যোগাযোগ থেকে ইঙ্গিত পাওয়া গেছে, এমএইচ৩৭০ খুব দ্রুত ত্বরণায়িত হয়ে নেমে আসছিল।
কেউ বিমানটিকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করেছে, এমন ধারণাকে দুর্বল করে দিয়েছে এটিএসবি-র এই প্রতিবেদন। ওই ধারণায় বলা হয়েছে, ওই ব্যক্তি এমএইচ৩৭০-কে চলমান তল্লাশি এলাকা থেকে আরো দূরে নিয়ে গিয়ে পানিতে ডুবিয়ে দিয়েছেন।
২০১৪ সালের ৮ মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ২৩৯ জন যাত্রীসহ চীনের রাজধানী বেইজিং যাওয়ার পথে ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে নিখোঁজ কোনো যাত্রীবাহী বিমানের জন্য শুরু হয় বিশ্বের বৃহত্তম ও দীর্ঘতম তল্লাশি অভিযান।
বিমানের জ্বালানি ফুরিয়ে গেলে কী হতে পারে তার কয়েকটি ফ্লাইট সিম্যুলেশন থেকে বিমানটি পড়ে যাওয়ার গতি সম্পর্কে ওই ধারণা পাওয়া যায়।
এটিএসবি জানিয়েছে, ফ্লাইট এমএইচ৩৭০ অন্তত তিন হাজার ৮০০ ফুট উচ্চতা থেকে নিখোঁজ হয়ে যায় এবং প্রতি মিনিট ২৫ হাজার ফুট ত্বরণে নিচে পড়ে যায়।
এটিএসবি আরো জানিয়েছে, সিম্যুলেশন থেকে ধারণা পাওয়া গেছে বিমানটি সম্ভবত আবার ঘুরে গিয়ে উত্তরমুখি হয়ে উড়তে শুরু করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আকাশ থেকে পড়ে যায়।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির ২০টিরও বেশি খণ্ড পরীক্ষা করে দেখছে তদন্তকারীরা।
অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও চীন সরকার বলেছে, জানুয়ারিতে তল্লাশির জন্য নির্ধারিত দক্ষিণ ভারত মহাসাগরের এক লাখ ২০ হাজার বর্গকিলোমিটার এলাকায় তল্লাশি চালানো শেষ হলে অভিযান স্থগিত করা হবে।
