২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মসুলে আইএসের প্রতিরোধ ভেঙেছে ইরাকি বাহিনী

মসুলে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াইরত ইরাকি বাহিনী কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই প্রতিরোধ ভেঙে ফেলেছে বলে দাবি করেছেন এক মুখপাত্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 01:44 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

সাবাহ আল নুমান নামের এই মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, এতে আইএসের বহু যোদ্ধা নিহত হয়েছেন।

২০১৪-র জুনে আইএস শহরটির দখল নেয়ার পর থেকে মঙ্গলবার প্রথমবারের মতো মসুলের শহরতলীতে প্রবেশ করে সরকারি বাহিনী।

বুধবার ছিল শহরটি দখল করে রাখা জঙ্গিদের বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযানের ১৭তম দিন। এই অভিযানে ইরাকি সরকারি বাহিনীর পাশাপাশি কুর্দিদের পেশমেরগা ও সুন্নি আরব ক্ষুদ্র নৃগোষ্ঠীর যোদ্ধারাও যোগ দিয়েছেন, যাদের মোট সংখ‌্যা ৫০ হাজার।

মঙ্গলবার মসুলের কুকজালিতে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের নিয়ন্ত্রণ নেয় সরকারি বিশেষ বাহিনীর সেনরা। এর কয়েক ঘন্টা আগে শহরটির পূর্বাংশের কারামা আবাসিক এলাকায় প্রবেশের লক্ষ‌্যে হামলা শুরু করে ছিল বাহিনীটি, পরে আইএসের প্রতিরোধ ভেঙে কারামার প্রান্তীয় এলাকাগুলোতে প্রবেশ করে তারা।

ইরাকি বাহিনীর অভিজাত কাউন্টার টেরোরিজম সার্ভিসের (সিটিএস) সঙ্গে থাকা বিবিসির এক সংবাদিক জানিয়েছেন, তারা প্রবল প্রতিরোধ মোকাবিলা করছেন।

সিটিএসের মুখপাত্র আল নুমান বলেছেন, “মসুলের কেন্দ্রস্থলে যাওয়ার পথে প্রতিরোধ ভেঙে ফেলেছি আমরা। আমরা অত‌্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা মুক্ত করেছি, পূর্ব দিক থেকে মসুলে প্রবেশের প্রধান দরজা এটি।

“এই এলাকায় আইএসআইএসের (আইএস) সঙ্গে আমাদের কঠিন লড়াই হয়েছে, তবে কোনো হতাহত ছাড়াই দ্রুত এলাকাটি মুক্ত করতে পেরেছি আমরা, সামনে আইএসআইএসের অনেকের মৃতদেহ পড়ে আছে।”

ইরাকে আইএসের দখলে থাকা শেষ বড় শহর মসুল।

সিটিএসের সঙ্গে থাকা বিবিসির সাংবাদিক জানিয়েছেন, সিটিএসের যোদ্ধাদের ভাবভঙ্গি ঢিলেঢালা হলেও তারা কোনো ভুল করছে না, সবকিছু্র জন‌্যই তারা প্রস্তুত।

বাহিনীটির সাধারণ সেনা থেকে শীর্ষ জেনারেল পর্যন্ত সবাই স্বীকার করছেন, মসুল পুনরুদ্ধার করা খুব সহজ হবে না, এতে কয়েকমাস লেগে যেতে পারে।

কিন্তু মসুলকে মুক্ত করার লড়াইয়ের জন‌্যই তারা অপেক্ষা করে ছিলেন।