স্ত্রীকে আটকাতে বিমানবন্দরে বোমার মিথ্যা হুমকি!
কিরগিজস্তানে মদ্যপ এক ব্যক্তি স্ত্রীর দেশ ছেড়ে যাওয়া আটকানোর মরিয়া চেষ্টায় বিমানবন্দর কর্তৃপক্ষকে ফোন করে সেখানে একটি বিমানে বোমা পেতে রাখার মিথ্যা হুমকি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বিবিসি’র খবরে বলা হয়, ৩০ বছর বয়সী ইলয়া ইরেমেভ সোমবার ওই হুমকি দেন।
পুলিশ জানায়, ইরেমেভের স্ত্রী কাজের জন্য ওই দিন রাশিয়ার মস্কোতে যাচ্ছিলেন।
ইরেমেভের ফোন পাওয়ার পর কিরগিজস্তানের প্রধান বিমানবন্দর (মানস বিমানবন্দর) খালি করে ফেলা হয় এবং অন্তত নয়টি ফ্লাইট বাতিল করা হয়।
পরে পুলিশ ইরেমেভকে গ্রেপ্তার করে এবং তদন্তকালীন সময়ে তাকে আটক রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সন্ত্রাসবাদ আইনের অধীনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। যদি অভিযোগ প্রমাণিত হয় তবে ইরেমেভের সর্বনিম্ন তিন বছরের কারাদণ্ড হতে পারে।
কিরগিজস্তানের জাতীয় নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে ইরেমেভের উদ্দেশ্য সম্পর্কে আর কোনো তথ্য দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে, গ্রেপ্তারের সময় ইরেমেভ ‘মদ্যপ অস্থায়’ ছিলেন।
