২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান গোলাগুলিতে চারদিনে নিহত ১৩

কাশ্মিরের বিতর্কিত সীমান্ত বরাবর ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক গোলাগুলিতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Nov 2016, 03:21 PM

Updated : 12 Apr 2022, 03:12 AM

দুইপক্ষের হিসাব অনুযায়ী শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত এসব মানুষ নিহত হয়েছেন।

কাশ্মিরের তথাকথিত নিয়ন্ত্রণ রেখা বরাবর দুপক্ষের এসব গোলাগুলিতে হাল্কা অস্ত্র থেকে কামান ও মর্টারের গোলা পর্যন্ত ব্যবহৃত হচ্ছে।

সেপ্টেম্বরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে একটি সেনা শিবিরে সন্ত্রাসীদের হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এর বদলায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসীদের আস্তানায় ‘সার্জিক্যাল হামলা’ চালানো হয়েছে বলে দাবি করে ভারত।

এর পর থেকে দুপক্ষই ধারাবাহিকভাবে পরস্পরের বিরুদ্ধে ২০০৩ সালের যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করার অভিযোগ আনতে থাকে। বর্তমানে কূটনৈতিক পর্যায়েও দুপক্ষের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছে এবং বিতর্কিত সীমান্তে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটে চলেছে।

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার কাশ্মিরের তাদের নিয়ন্ত্রিত অংশের নাকিয়ালে নিয়ন্ত্রণ রেখার অপর পার থেকে ভারতীয় বাহিনীর ছোঁড়া গুলিতে অন্তত চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

ওই এলাকার মোহরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ সাঈদ বলেন, “মনে হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে পুরো মাত্রায় যুদ্ধ চলছে।”

গুলির আওয়াজের মধ্যেই তিনি টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “দয়া করে এসব বন্ধ করুন।”

শুক্রবার ও শনিবার নাকিয়াল ও পার্শ্ববর্তী টাট্টা পানি সেক্টরে ভারতীয় বাহিনীর গুলির্বষণে ছয়জন নিহত ও ১০ জন আহত হন বলে জানিয়েছে পাকিস্তান।

অপরদিক নিয়ন্ত্রণ রেখার অপর পাশে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের রামগড়ে মঙ্গলবার পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে এক বালিকা নিহত ও অপর তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা। 

সোমবার রাজৌরি সেক্টরে পাকিস্তানি বাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা ও এক বেসামরিক নিহত হন বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র।

কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুপক্ষের ক্রমবর্ধমান গোলাগুলি বিনিময়ের ঘটনায় ভারত-পাকিস্তান বড় ধরণের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।