যুক্তরাষ্ট্রে গ্যাসোলিন পাইপলাইন বিস্ফোরণে ৬ জন হতাহত
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে গ্যাসোলিন সরবরাহের অন্যতম প্রধান পাইপলাইনে বিস্ফোরণের পর আগুন ধরে এক কর্মী নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার আলাবামা অঙ্গরাজ্যের শেলবিতে এ ঘটনা ঘটে, এতে কলোনিয়াল পাইপলাইন কোম্পানি তাদের প্রধান গ্যাসোলিন পাইপলাইন বন্ধ করে দিতে বাধ্য হয়।
এক সংবাদ সম্মেলনে আলাবামার গভর্নর রবার্ট বেন্টলি জানিয়েছেন, দুর্ঘটনার সময় কলোনিয়ালের ওই পাইপলাইনে নয়জন ক্রু কাজ করছিলেন। তাদের মধ্যে সাতজন আহত হন এবং আহতদের মধ্যে দুজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তিনি।
কর্মীদের মধ্যে একজন একটি ক্রেন দিয়ে গ্যাসোলিনের পাইপলাইনে আঘাত করলে সেখানে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় বলে সোমবার রাতে এক ইমেইল বিবৃতিতে জানিয়েছে কলোনিয়াল।
ঘটনাস্থলেই এক কর্মীর মৃত্যু হয় এবং আহত অপর পাঁচজনকে বার্মিংহাম এলাকার হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
দুর্ঘটনার সময় পাইপলাইনটিতে রক্ষাণাবেক্ষণের কাজ চলছিল। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল।
গভর্নর বেন্টলি জানিয়েছেন, বিস্ফোরণে দাবানল শুরু হয়ে ৩২ একর বন এলাকা পুড়ে যায়। ঘটনাস্থলের আশপাশের তিন মাইল এলাকার মধ্যে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এক মাস আগে দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক মাইল দূরে এই পাইপলাইনটিতে একটি লিকের ঘটনায় গ্যাসোলিন সরবরাহ ১২ দিন বন্ধ রাখা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রতিদিন ৩২ লাখ ব্যারেল গ্যাসোলিন ব্যবহৃত হয়। এর এক-তৃতীয়াংশ সরবরাহ করে কলোনিয়াল।
