১ ডিসেম্বরে রাজ্যাভিষেকের প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ড
পহেলা ডিসেম্বর থাইল্যান্ডের ভাবি রাজা মাহা ভাজিরালংকর্নের রাজ্যাভিষেক হতে পারে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই সেনা কর্মকর্তা।
তাদের একজন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “জার্মানিতে বসবাসরত ভাজিরালংকর্ন নভেম্বরে থাইল্যান্ডে ফিরবেন।”
জার্মানিতে ভাজিরালংকর্নের নিজস্ব ব্যবসা রয়েছে।
অন্য এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “আমরা (ভাবি রাজার অভিষেকের) প্রস্তুতি নিচ্ছি। পহেলা ডিসেম্বরের জন্য সব কিছু প্রস্তুত করা হচ্ছে। যদিও পুরো বিষয়টি মহামান্য ভাজিরালংকর্নের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।”
গত ১৩ অক্টোবর মারা যান থাইল্যান্ডের রাজা ৮৮ বছর বয়সী ভূমিবল আদুলিয়াদেজ। রাজার মৃত্যুতে থাইল্যান্ডবাসী এক বছরের শোক পালন করবে।
প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা বলেন, রাজার মৃত্যুর পর ভাবি রাজার আনুষ্ঠানিক অভিষেক সাত থেকে ১৫ দিন পর অথবা তারপরও হতে পারে।
প্রায়ুথ বলেন, “যুবরাজ দেশবাসীর সঙ্গে রাজার মৃত্যুর শোক পালন করতে চান এবং পার্লামেন্টের পক্ষ থেকে সিংহাসনে আরোহণের আমন্ত্রণ জানানোর পর আনুষ্ঠানিক রাজ্যাভিষেক চান।”
নতুন রাজার অভিষেক না হওয়া পর্যন্ত শক্তিশালী প্রিভি কাউন্সিলের প্রধান ৯৬ বছর বয়সী প্রেম তিনসুলানন্দা থাইল্যান্ডের ভারপ্রাপ্ত রাজা হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রয়াত রাজা ভূমিবল দেশবাসীর কাছে বিপুল জনপ্রিয় হলেও ভাবি রাজা ভাজিরালংকর্ন অনেকটাই অচেনা চরিত্র।
দেশটির কঠোর আইনে রাজা পরিবার নিয়ে জনগণের আলোচনায় বাধা রয়েছে। দেশটির রাজনীতির অনেক কঠিন সময়ে ত্রাতার ভূমিকা নিয়েছিলেন ভূমিবল।
থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সংকট সমাধানেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা ছিল দেশবাসীর।
এখন ভাবি রাজা ভাজিরালংকর্ন চলমান সংকট উত্তরণে কতটা ভূমিকা পালন করতে পারবেন তা সময়ই বলে দেবে।
