আলেপ্পোয় পাল্টা হামলা শুরু করেছে বিদ্রোহীরা
সিরিয়ার আলেপ্পোয় কয়েক সপ্তাহব্যাপী সরকারি অবরোধ ভেঙে দিতে সেনাবাহিনী ও এর মিত্র বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে বিদ্রোহীরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নগরীর পশ্চিমে সরকার নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করেছে বিদ্রোহীরা।
ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) এক যোদ্ধা রয়টার্সকে বলেন, “আজ সকাল থেকে প্রাথমিকভাবে গোলাবর্ষণ শুরু হয়েছে।”
এছাড়া, বড় আরেকটি বিদ্রোহী দল আহরার আল-শাম একজন মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, শুক্রবার আলেপ্পো অভিযান শুরু হয়েছে।
হামলার ধরন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নগরীর বাইরে থাকা বিদ্রোহীরা এ হামলা চালাচ্ছে।
গোলাবর্ষণ ছাড়াও আত্মঘাতী গাড়ি বোমা হামলার মাধ্যমে বিদ্রোহীরা পাল্টা আক্রমণ করছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি জানায়, পশ্চিম আলেপ্পোয় বিদ্রোহীদের ছোড়া ‘শতাধিক’ গোলার আঘাতে অন্তত ’১৫ জনের মৃত্যু’ হয়েছে, আহত হয়েছে একশ’র বেশি মানুষ।
রাষ্ট্রী টেলিভিশনের খবরে বলা হয়, সিরীয় সেনাবাহিনী চারটি গাড়ি বোমা ধ্বংস করতে সক্ষম হয়েছে।
গত মাসে রুশ বিমানবাহিনীর সহায়তায় আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা পুনরুদ্ধার অভিযান শুরু করে সিরিয়ার সেনাবাহিনী।
সিরিয়ায় প্রায় ছয় বছর ধরে গৃহযুদ্ধ চলছে। দেশটির প্রখ্যাত নগরীর মধ্যে অন্যতম আলেপ্পো গত কয়েক বছর ধরে সরকার ও বিদ্রোহী বাহিনীর মধ্যে ভাগ হয়ে আছে। সরকারি বাহিনীর নগরীর পশ্চিমাঞ্চল এবং বিদ্রোহীরা পূর্বাঞ্চল দখল করে রেখেছে।
