অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ ‘বিচ্ছিন্ন’: উইকিলিকস
যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপননথি ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকস জানিয়েছে, তাদের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ ‘বিচ্ছিন্ন’ করে দিয়েছে একুয়েডর দূতাবাস।
বিবিসি বলছে, সোমবার এক টুইট বার্তায় উইকিলিকস এ তথ্য জানিয়েছে।
তবে অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ ‘জোর করে’ বিচ্ছিন্ন করা হয়েছে কীনা, হলে এ বিষয়ে দূতাবাসের অবস্থান কী তা নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার বিবিসির পক্ষ থেকে এ বিষয়ে উইকিলিকস ও লন্ডনে একুয়েডরের রাষ্ট্রদূতকে ফোন ও ইমেইল করা হলেও তার জবাব পাওয়া যায়নি। দূতাবাসে ফোন করা হলে এক নারী এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
ধর্ষণ মামলায় কারণে যুক্তরাজ্য থেকে সু্ইডেনে হস্তান্তর এড়াতে ২০১২ সাল থেকে লন্ডনের একুয়েডর দূতাবাসেই অবস্থান করছেন অ্যাসাঞ্জ।
তার ভাষ্য, সুইডেন গেলে তাকে জোর করে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। গোপনতথ্য ফাঁসের অভিযোগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ফৌজদারি মামলা রয়েছে। দেশটিতে উইকিলিকসের কার্যক্রম নিয়ে একটি অপরাধ তদন্তও চলমান।
উইকিলিকস সম্প্রতি হিলারি ক্লিনটনের প্রচার শিবিরের চেয়ারম্যান জন পডেস্টারের ইমেইল হ্যাক করে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অর্থের বিনিময়ে দেয়া হিলারির তিনটি বক্তব্য প্রকাশ করেছে।
গোল্ডম্যান সাকসকে দেয়া এসব বক্তব্য প্রকাশে আপত্তি জানিয়েছিল হিলারি শিবির। এ বক্তব্যগুলো বিনিয়োগকারী ব্যাংক নির্বাহীদের সঙ্গে হিলারির ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেয়।
ফাঁস হওয়া সর্বশেষ এক ইমেইলে দেখা গেছে, গোল্ডম্যান সাকসের এক সম্মেলনে হিলারি সিরিয়ায় গোপনে হস্তক্ষেপ করার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়ার মাসখানেক পর ২০১৩ সালে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লয়েড ব্ল্যাঙ্কফেইনের এক প্রশ্নের জবাবে হিলারি এ মন্তব্য করেন বলে ফাঁস হওয়া ইমেইলের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
“আমার মত হচ্ছে, যত গোপনে সম্ভব সেখানে আমেরিকার হস্তক্ষেপ করা উচিত। এটা করতে পারলে আমরা এখনকার চেয়ে ভালো থাকতাম”, সাউথ ক্যালিফোর্নিয়ায় দেয়া বক্তব্যে এমনটাই বলেছিলেন হিলারি।
সেখানে বক্তব্য দেওয়ার জন্য গোল্ডম্যান সাকস হিলারিকে ২ লাখ ২৫ হাজার ডলার সম্মানি দিয়েছিল।
টুইটারে দেওয়া উইকিলিকসের বিবৃতি।
বলেছিলেন, "রাজনীতি হচ্ছে সসেজ বানানোর মতো। এটি অরুচিকর এবং এটি সবসময় এমনই ছিল। এজন্যই আমরা সাধারণত যেখানে দরকার সেখানেই ইতি টানি। কিন্তু যদি সবাই নজর রাখতে থাকে, আপনারা জানেন, তখন অল্পতেই মানুষ বিচলিত হয়ে পড়ে। তাই আপনাদের গোপন ও প্রকাশ্য, দুই ধরনের অবস্থানই প্রয়োজন পড়বে।”
উদারপন্থি ডেমক্রেটরা অনেকদিন ধরেই হিলারির সঙ্গে ওয়ালস্ট্রিটের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর দহরম মহরম নিয়ে অভিযোগ করে আসছিল; উইকিলিকসের ফাঁস করা এসব ইমেইল সেই অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে।
হিলারির প্রচার শিবিরের দাবি, যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক পদ্ধতিকে ক্ষতিগ্রস্ত করতে রাশিয়ান হ্যাকাররা এ ধরনের সাজানো সাইবার-হামলা চালাচ্ছে।
তবে জন পডেস্টারের ইমেইল থেকে ফাঁস হওয়া বক্তব্যগুলো সত্য না মিথ্যা- তা নিয়ে কোনো বক্তব্য দেয়নি ডেমক্রেট শিবির।
বিবিসি বলছে, ফাঁস হওয়া ইমেইলগুলো ‘জাল’ এমন প্রমাণ পায়নি তারা।
