২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোপন প্রণয়ের’ ঘটনায় চীনে নিযুক্ত ডাচ রাষ্ট্রদূতের বিরুদ্ধে তদন্ত

স্থানীয় একজন চাকরিজীবীর সঙ্গে গোপন সম্পর্কের ঘটনায় চীনে নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত রন কেলারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 10:32 AM

Updated : 12 Apr 2022, 03:06 AM

বিবিসি বলছে, ডাচ (নেদারল‌্যান্ডস) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত চলাকালীন কেলারকে সব দায়িত্ব থেকে অব‌্যাহতি দেওয়া হয়েছে।

২০১৫ সালের ডিসেম্বরে অভিজ্ঞ কূটনীতিক রন কেলারকে বেইজিং-এ নিয়োগ দেওয়া হয়। এরআগে তিনি তুরস্ক ও রাশিয়ায় দায়িত্ব পালন করেছেন।

ডাচ সংবাদপত্র দে টেলিগ্রাফ সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এই সম্পর্ক সম্প্রতি প্রকাশ পেয়েছে।

ডাচ দূতাবাসেই ওই চীনা নারী কাজ করেন বলে দূতাবাসে কর্মরত একটি সূত্রের বরাতে সংবাদপত্রটি জানিয়েছে।

চীনে নিযুক্ত কূটনীতিকদের সবসময় স্থানীয় কর্মীদের সঙ্গে সম্পর্কে না জড়ানোর ব‌্যাপারে পরামর্শ দেওয়া হয়। একে তথাকথিত ‘মধুর ফাঁদ’ হিসেবে বিবেচনা করা হয়। কারণ, স্থানীয় নারীদের চীন সরকারের চর হিসেবে কাজ করার সম্ভাবনা থাকে প্রায় শতভাগ।

তবে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব‌্য করেনি। কিন্তু মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, একটি অভিযোগের ব‌্যাপারে তদন্ত হচ্ছে। আর অভিযোগকে সবসময়ের গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়।

রন কেলার বর্তমানে নেদারল‌্যান্ডসে অবস্থান করছেন। দে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং-এ কেলারের ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

তবে দায়িত্ব থেকে অব‌্যাহতি দেওয়ার ব‌্যাপারে কেলারের কোনো মন্তব‌্য পাওয়া সম্ভব হয়নি।