২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আরও দুই নারীর

নারীদের নিয়ে বেফাঁস মন্তব্য ও ধর্ষণের অভিযোগে মামলা নিয়ে বিপাকে থাকা মার্কিন প্রেসিডেন্ট পদপ্রত‌্যাশী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ এনেছেন আরও দুই নারী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 01:32 PM

Updated : 20 Aug 2022, 01:55 PM

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্ক টাইমস বুধবার ট্রাম্পের বিরুদ্ধে জেসিকা লিডস (৭৪) ও র‌্যাচেল ক্রুকস (৩৪) নামের ওই দুই নারীর অভিযোগ প্রকাশ করে।

ট্রাম্প শিবির অবশ‌্য তাদের ওই অভিযোগকে গালগল্প বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে।

জেসিকা লিডসের অভিযোগ, তিন দশক আগে নিউ ইয়র্কগামী একটি উড়োজাহাজে পাশের সিটে থাকা ট্রাম্প যৌন উদ্দেশ‌্য নিয়ে তার শরীরে হাত দেন।

“অক্টোপাসের মত তার হাত যেন আমার শরীরের সবখানে বিচরণ করছিল। এটা ছিল মারাত্মক অপমান।”

সে সময় লিডসের বয়স ছিল ৩৮ বছর। ওই ঘটনার পর ফার্স্ট ক্লাস থেকে সরে গিয়ে তিনি ইকোনমি ক্লাসে বসেন বলে নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়।

ট্রাম্প গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার জন‌্য প্রচার শুরুর আগ পর্যন্ত ওই ঘটনা নিজের মধ‌্যেই চেপে রেখেছিলেন ম্যানহাটানের বাসিন্দা লিডস।

তিনি বলেন, “ট্রাম্প যা করেছে, তার তার চরিত্রেরই অংশ। যারা তাকে ভোট দেবেন, তারা এ বিষয়টিও ভেবে দেখবেন আশা করি।”

২০০৫ সালে ট্রাম্প টাওয়ারে রিসিপশনিস্টের কাজ করা র‌্যাচেলের অভিযোগ, একদিন একটি লিফটের বাইরে তার ইচ্ছার বিরুদ্ধে ঠেঁটে চুমু দিয়ে বসেন নিউ ইয়র্কের ধনকুবের ট্রাম্প। 

“ওটা ছিল খুব অশালীন। সে আমাকে এতটাই দুর্বল ভেবেছিল যে, মনে করেছিল আমার সঙ্গে এসব করাই যায়।”

নিউ ইয়র্ক টাইমসকে র‌্যাচেল বলেন, ওই ঘটনার আকস্মিকতায় তিনি এতটাই বিচলিত হয়ে পড়েন যে তাৎক্ষণিকভাবে তার ছেলেবন্ধুকে ফোন করে কান্নাকাটি শুরু করেন।  

ওই ঘটনার পর ট্রাম্প একদিন তার ফোন নম্বর চেয়েছিলেন বলেও দাবি র‌্যাচেলের। ট্রাম্প তাকে বলেছিলেন, র‌্যাচেলের ফোন নম্বর তিনি নিজের মডেলিং এজেন্সিতে পাঠাবেন। যদিও ওই এজেন্সি কখনো র‌্যাচেলের সঙ্গে যোগাযোগ করেনি।

“এগুলো বাস্তব ঘটনা। মানুষের এগুলো জানা প্রয়োজন,” বলেন র‌্যাচেল।

নিউ ইয়র্ক টাইমস লিখেছে, এসব ঘটনা নিয়ে দুই নারী কখনো ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ না আনলেও তাদের বন্ধু ও আত্মীয়রা এ ঘটনাগুলো জানেন।

অন‌্যদিকে ট্রাম্প শিবির নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন ‘মিথ্যা’ দাবি করে বলেছে, পুরো প্রতিবেদনটিই ‘কল্পকাহিনী’, এর উদ্দেশ‌্য ট্রাম্পের চরিত্র হনন করা।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচার শিবির ট্রাম্পকে নিয়ে এই খবরে নতুন করে সমালোচনায় মুখর হয়েছে। তারা বলছে, ট্রাম্প সম্পর্কে তাদের যে ধারণা, তার সঙ্গে ওই দুই নারীর অভিযোগ পুরোপুরি মিলে যায়।

এর আগে মাইন্ডি ম্যাকগিলভারি নামে আরেক নারী পাম বিচ পোস্টকে বলেছিলেন, ২০০৩ সালে ফ্লোরিডার মার-এ-লোগো ক্লাবে ডোনাল্ড ট্রাম্প তার নিতম্ব স্পর্শ করেন।

ওই অভিযোগও ‘প্রত্যাখ্যান’ করে ট্রাম্প শিবির বলেছে, এর কোনো সত্যতা নেই।

গত শুক্রবার নারীদের নিয়ে বেফাঁস মন্তব্যের পুরনো এক অডিও টেপ ফাঁস হওয়ার পর নতুন করে বিতর্কে জড়ান ট্রাম্প, যে কারণে নিজ দলেরও বহু নেতার সমর্থন হারিয়েছেন তিনি।

২০০৫ সালের ওই টেপে এনবিসি টিভির উপস্থাপক বিলি বাশের সঙ্গে কথপোকথনে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘তুমি যদি তারকা হও, তবে মেয়েদের নিয়ে যা কিছু করতে পার’।

ওই কথপোকথনে বিবাহিত এক অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে উদগ্র আগ্রহের কথাও বলতে শোনা যায় ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়া  ট্রাম্পকে।

রোববার হিলারির সঙ্গে দ্বিতীয় বিতর্কে ফাঁস হওয়া ওই টেপকে ‘লকার রুমের কথা’ বলে উড়িয়ে দেন ট্রাম্প। বলেন, নারীদের প্রতি তার যথেষ্ট ‘শ্রদ্ধা’ আছে।

হিলারির স্বামী বিল ক্লিনটন প্রেসিডেন্ট থাকার সময় তার কেলেঙ্কারির দিকে ইংগিত করে ট্রাম্প বিতর্কে বলেন, “আমারটা কেবল কথা, আর বিল ক্লিনটন তো করে দেখিয়েছেন।’

ওই প্রসঙ্গ টেনে হিলারি শিবির বলছে, বিতর্কের মঞ্চে ট্রাম্প যে নিজের সম্পর্কে মিথ্যা বলেছিলেন তা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনেই প্রমাণ হয়। অডিও টেপে নারীদের সম্পর্কে ট্রাম্পের মনোভাব জানা গিয়েছিল, বাস্তবে তার আচরণ ‘আরও জঘন্য’।

রিপাবলিকান প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করা তিন নারী ইতোমধ‌্যে প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে সমর্থন দেওয়ার কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।