বাবার শেষ আলিঙ্গনে বেঁচে রইল শিশুটি
ধসে পড়া ছয় তলা ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে সরিয়ে চারজনকে উদ্ধারের পর যখন জীবিত কাউকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল সবাই, তখন নিঃসাড় একজনের কোলের ভেতরে প্রাণের স্পন্দন টের পেয়ে সচকিত হয়ে ওঠেন উদ্ধারকর্মীর।
১২ ঘণ্টার বেশি সময় পর জীবিত অবস্থায় বের করে আনা হয় তিন বছরের মেয়ে উ নিঙ্গশিকে, তার মৃত বাবার আলিঙ্গন থেকে।
উদ্ধারকর্মীরা বলছেন, বাবার কারণেই বেঁচে গেল এই শিশুটি।
“শিশুটি প্রায় অক্ষত অবস্থায় আছে। সে বেঁচে গেল, আর এই কৃতিত্ব পুরোটাই তার বাবার। চাপা পড়ার পর নিজে মরলেও কোলের ভেতরে মেয়ের বেঁচে থাকার জন্য একটু জায়গা তিনি করতে পেরেছিলেন,” সাংবাদিকদের বলেন এক উদ্ধারকর্মী।
সোমবার চীনের পূর্বাঞ্চলে কয়েকটি আবাসিক ভবন ধসে পড়ার পর ধ্বংসস্তূপ থেকে এই শিশুটিকে উদ্ধারের খবরটি দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভি।
বিধ্বস্ত ভবন- ছবি: রয়টার্স
জেঝিয়াং প্রদেশের ওয়েনজোউ-এ ছয় তলা মোট চারটি ভবন একসঙ্গে ধসে পড়ে ২২ জনের মৃত্যু ঘটেছে। জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছরের শিশুটিসহ পাঁচজনকে।
সিসিটিভির প্রতিবেদনে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধুলায় ধূসরিত শিশুটিতে তুলে আনছেন। পাশেই পিলারের নিচে চাপা পড়ে আছে তার বাবার দেহ।
ভবন ধসের সময় এই পরিবারটি ঘরেই ছিল। শিশুটির মায়ের লাশও কাছেই পাওয়া যায়।
শিশুটির বাবা ২৬ বছর বয়সী ব্যক্তিটি একটি জুতার কারখানার শ্রমিক ছিলেন বলে সিসিটিভি জানায়।
মূলত অন্য অঞ্চল থেকে আসা নিম্ন আয়ের পরিবারগুলো এই ভবনগুলোতে ভাড়া থাকতেন।
১৯৭০ সালে নির্মিত এই ভবনগুলো কী কারণে ধসে পড়েছিল, তার কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি হয়েছে।
