২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের ‘তথ‌্যমন্ত্রী’র মৃত‌্যুর খবর নিশ্চিত করল আইএস

তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) তথ‌্যমন্ত্রী হিসেবে পরিচিত ও অন্যতম জ্যেষ্ঠ নেতা ওয়ায়িল আদিল হাসান সালমান-আল ফায়াদের মৃত‌্যুর বিষয়টি নিশ্চিত করেছে জঙ্গি গোষ্ঠীটি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Oct 2016, 10:35 AM

Updated : 12 Apr 2022, 03:03 AM

অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে মধ‌্যপ্রাচ‌্যের এই জঙ্গি গোষ্ঠীটি ওয়ায়িল আদিল হাসান সালমান আল ফায়াদের প্রতি শ্রদ্ধা জানায়।  তিনি আবু মোহাম্মেদ আল-ফুরকান নামেও পরিচিত ছিলেন।

তবে তিনি কখন, কোথায় এবং কীভাবে মারা গেছেন তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) বলেছিল, সিরিয়ায় বিমান হামলায় ওয়ায়িল আদিল হাসান সালমান আল ফায়াদ নিহত হয়েছেন।

‘ড. ওয়ায়িল’ নামেও পরিচিত আল ফায়াদ আইএসের তথ্যমন্ত্রী ছিলেন। তিনি আইএসের শিরশ্ছেদ করার প্রপাগান্ডামূলক ভিডিও তৈরির বিষয়গুলো দেখতেন।

৭ সেপ্টেম্বর সিরিয়ার রাক্কার কাছে চালানো বিমান হামলায় তিনি নিহত হন বলে জানায় পেন্টাগন।

আইএসের বিবৃতিতে আল-ফায়াদকে তাদের গণমাধ‌্যম প্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে।

এরআগে এক বিবৃতিতে আইএসের বিকল্প নাম ব্যবহার করে পেন্টাগনের তথ্য সচিব পিটার কুক বলেছিলেন, “আইএসআইএলের (আইএস) জ্যেষ্ঠ নেতাদের সরিয়ে দেওয়ায় এর দখলকৃত ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ, পরিকল্পনার সামর্থ্য, অর্থ সরবরাহ এবং অঞ্চলটির ভিতরে ও বাইরে সরাসরি আক্রমণের সক্ষমতা হ্রাস পেয়েছে।”

ফায়াদ আইএসের নেতৃস্থানীয় গোষ্ঠী শুরা কাউন্সিলের সদস্য ছিলেন।