দক্ষিণ সুদানে বিদ্রোহী হামলায় নিহত ২১
দক্ষিণ সুদানে ট্রাকবাহী বেসামরিক লোকজনের ওপর বিদ্রোহীদের চোরাগোপ্তা হামলায় ২১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।
সোমবার তারা জানায়, শনিবার সেন্ট্রাল ইক্যুটোরিয়াল রাজ্যের য়েই টাউন থেকে রাজধানী জুবাগামী সড়কে বেসামরিক লোকজনকে বহনকারী একট ট্রাকে চোরাগোপ্তা হামলা চালায় বিদ্রোহীরা। এ সময় ২১ জনকে হত্যা করে হামলাকারীরা।
এদের মধ্যে বেশ কয়েকজনকে পুড়িয়ে মারা হয়। হামলায় আরও প্রায় ২০ জন আহত হন।
স্থানীয় সরকারি কর্মকর্তা জ্যাকব মে চ্যান জানান, চারটি ট্রাকে চোরাগোপ্তা হামলা চালানো হয়েছে এবং নিহতদের পুড়িয়ে ও গুলি করে মারা হয়েছে।
হামলার জন্য সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাখারের অনুগত এসপিএলএ-আইও বাহিনীকে দায়ি করেছেন তিনি।
দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউএনএমআইএসএস সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, সেন্ট্রাল ইক্যুটোরিয়াল রাজ্যে বেসামরিকদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতা সংঘটিত হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদন পেয়েছেন তারা।
একইসঙ্গে বিদ্রোহীদের ও সরকারি বাহিনীর কমান্ডারদের তাদের বাহিনীকে নিয়ন্ত্রণ করে লড়াই থামানোর আহ্বান জানিয়েছে ইউএনএমআইএসএস।
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির ও সাবেক ভাইস প্রেসিডেন্ট মাখারের অনুগত বাহিনীর মধ্যে ক্রমাগত সহিংসতা দেশটিকে ফের গৃহযুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে।
