২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে গাড়িবোমা হামলা, ১০ পুলিশ নিহত

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের রাজধানী লস্কর গাহয়ে সন্দেহভাজন এক গাড়িবোমা হামলায় অন্তত ১০ পুলিশ নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Oct 2016, 09:10 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

সোমবারের এ বিস্ফোরণে আরও অন্তত ১৪ পুলিশ ও বেসামরিক আহত হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তারা।

ইতালীয় জরুরি ত্রাণ সংস্থা পরিচালিত একটি হাসপাতাল জানিয়েছে, ওই বিস্ফোরণে আহত ৩০ জনকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

লস্কর গাহয়ের শহর প্রান্তে তালেবান হামলার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া গেছে। শহরটির ভিতরে প্রায়ই তালেবানের ছোড়া রকেট এসে পড়ছে। নিরাপত্তা পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে ইতালীয় হাসপাতালের কর্মকর্তারা।

হেলমান্দের অধিকাংশ এলাকাই এখন তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে। অবরুদ্ধ হয়ে পড়েছে প্রাদেশিক রাজধানী লস্কর গাহ।

শনিবার উচ্চ পর্যায়ের আফগান ও আন্তর্জাতিক সামরিক কর্মকর্তারা লস্কর গাহ পরিদর্শন করে শহরটি রক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।