সৌদি আরবে হামলার ডাক সাবেক ইয়েমেন প্রেসিডেন্টের
ইয়েমেনের প্রভাবশালী সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ সৌদি আরবের বিরুদ্ধে জোর হামলা চালানোর ডাক দিয়েছেন।
ইয়েমেনের রাজধানী সানায় একটি মিটিং হলে সৌদি আরবের নেতৃত্বাধীন বিমান হামলায় অন্তত ১৪০ জন নিহত হওয়ার পরদিনই সালেহ এ হামলার ডাক দিলেন।
টিভি তে এক বক্তব্যে সালেহ বলেন, “আমি জাতির সব সন্তানকে তাদের সমস্ত শক্তি দিয়ে এ আগ্রাসন মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি... আর তোমাদেরকে অবশ্যই লড়াইয়ের সামনের সারিতে এগিয়ে যেতে হবে।”
“প্রতিরক্ষা মন্ত্রণালয়, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও সৌদি সীমান্তের সম্মুখসারিতে যুদ্ধপ্রস্তুতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”
রাজনীতিবিদ সালেহ ইয়েমেনের সামরিক বাহিনীতেও প্রভাবশালী। তাছাড়া, দেশটির হুতি আন্দোলনের সঙ্গেও তিনি জড়িত।
ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত সরকার সৌদি নেতৃত্বাধীন জোটকে সানায় হামলার জন্য দায়ী করলেও সৌদি আরব এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সৌদি নেতৃত্বধীন জোটও হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
