২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, মৃত ৭

আফগান বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্ততপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Oct 2016, 02:53 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

রোববার আফগানিস্তানের উত্তরাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে।

হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনাকে দুর্ঘটনা বলেই বর্ণনা করেছেন কর্মকর্তারা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি বলেন, রাশিয়া নির্মিত এমআই-১৭ হেলিকপ্টারটিতে চারজন ক্রু ও তিনজন সেনাসহ বিধ্বস্ত হয়েছে।

তিনি বলেন, “আফগান সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বাঘলান প্রদেশের উত্তরাঞ্চলে কারিগরি কিছু সমস্যার কারণে বিধ্বস্ত হয়েছে। এ ব্যাপারে একটি তদন্তের প্রস্তুতি চলছে।”

তবে তালেবান গোষ্ঠীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের যোদ্ধারা হেলিকপ্টারটিকে গুলি করে ভূপাতিত করেছে।

তিনি আরো দাবি করেন, হেলিকপ্টারটি আফগান সরকারের একটি তল্লাশি চৌকিতে রসদ সরবরাহের চেষ্টা করছিল। ওই তল্লাশি চৌকিটি বিদ্রোহীরা ঘিরে রেখেছিল।

তালেবান জঙ্গিগোষ্ঠী প্রায়ই আফগান সরকারকে লক্ষ করে বিভিন্ন স্বার্থে হামলা চালানোর দাবি করে থাকে। অনেক ক্ষেত্রেই যা অতিরঞ্জিত।

বাঘলান প্রদেশের গভর্নরের মুখপাত্র জাওয়াদ বাসারাত জানিয়েছেন, প্রায় শতাধিক সেনা এক সপ্তারও বেশি সময় ধরে বিদ্রোহীদের ঘেরাও অবস্থায় রয়েছেন। সেনারা রসদ ও সহায়তা সরবরাহের পথ উন্মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।