ইয়েমেনে বিমান হামলায় নিহত ১৪০
ইয়েমেনের রাজধানী সানায় একটি শেষকৃত্যানুষ্ঠানে জড়ো হাওয়াদের উপর বিমান হামলায় ১৪০ জনেরও বেশি মানুষ নিহত ও ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন।
জাতিসংঘের কর্মকর্তাদের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।
দেশটির হুতি বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত সরকার দাবি করেছে, সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলার জন্য দায়ী।
তবে সৌদি আরব এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা বিষয়টি ‘দ্রুত পর্যালোচনা’ শুরু করেছে। পাশাপাশি এই জোটকে দেওয়া সহায়তা কমিয়ে আনা হয়েছে বলেও জানিয়েছে সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত এই পরাশক্তি।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র নিড প্রাইস বলেন, “সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা কোনো ব্ল্যাঙ্ক চেক নয়।”
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষ হয়ে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতি বিদ্রো্হীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।
বিমান হামলায় নিহত একটি পরিবারের সদস্যদের লাশের সামনে দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় অধিবাসীরা। ছবি: রয়টার্স
ইয়েমেনে বিমান হামলায় বিধ্বস্ত কয়েকটি গাড়ি। ছবি: রয়টার্স
শনিবারের ওই বিমান হামলার পর ঘটনাস্থলে গিয়ে হতাহতের সংখ্যা ও অবস্থা দেখে উদ্ধারকর্মীরা হতভম্ব হয়ে পড়েন বলে জানা গেছে।
হুতিদের পরিচালিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গালাল আল-রওশানের পিতার শেষকৃত্যানুষ্ঠানে এই হামলা চালানো হয়।
রওশানের পিতা দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর ঘনিষ্ঠ মিত্র ছিলেন।
রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি জানিয়েছে, লাশের জন্য ৩০০ ব্যাগ প্রস্তুত করেছে তারা।
এই হামলায় হুতি বিদ্রোহীদের উল্লেখযোগ্য সংখ্যক সামরিক এবং নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আব্দুরাব্বু মনসুর হাদির সরকারকে হুতি বিদ্রোহী এবং সাবেক প্রেসিডেন্ট সালেহর অনুগত বাহিনী উভয়ের বিরুদ্ধে লড়াই চালাতে হচ্ছে।
২০১৪ সাল থেকে শুরু হওয়া দেশটির এই যুদ্ধে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ওই অঞ্চলের অন্যতম দরিদ্র রাষ্ট্র ইয়েমেন।
