২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে গৃহযুদ্ধ: সরকারপন্থি এক জেনারেল নিহত

রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির অনুগত সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেল নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Oct 2016, 10:07 PM

Updated : 12 Apr 2022, 03:01 AM

উভয় পক্ষের বরাত দিয়ে ভিন্ন ভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিহত মেজর জেনারেল আব্দেল-রাব আল-শাদাদি ইয়েমেনের তৃতীয় সেনা অঞ্চলের প্রধান ছিলেন। যার প্রধান কার্যালয় ছিল সানার পূর্বাঞ্চলের শহর মারিবে।

ইয়েমেনে প্রায় ১৯ মাস আগে শুরু হওয়া গৃহযুদ্ধে এর আগে হাদিপন্থি সেনাবাহিনীর এত শীর্ষ পর্যায়ের আর কোনো কর্মকর্তা নিহত হননি।

হুতি বিদ্রোহীদের পরিচালিত সংবাদ সংস্থা সাবা নিউজ এজেন্সির খবরে বলা হয়, শুক্রবার সন্ধ্যার দিকে শাদাদির সঠিক অবস্থান নির্ণয়ের পর সেখানে কামানের গোলা বর্ষণ করা হয়।

শনিবার সৌদি আরব পরিচালিত আল-আরাবিয়া চ্যানেলের খবরে হাদি সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয় বলা হয়, মারিবে মারাত্মকভাবে আহত হওয়ার পর হাসপাতালে মারা যান শাদাদি।

২০১৫ সালের মার্চে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সৌদি আরব হাদিকে সমর্থন করছে।

প্রতিবেশী ইরান হুতি বিদ্রোহীদের পক্ষ নিয়েছে।

জাতিসংঘের উদ্যোগে ইয়েমেনে গৃহযুদ্ধ অবসানের আলোচনা হয়েছে।

যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।