২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজারে শরণার্থী শিবিরে হামলায় ২০ সেনা নিহত

নাইজারে মালির শরণার্থীদের একটি শিবিরে হামলার ঘটনায় অন্ততপক্ষে ২০ সেনা নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2016, 11:10 AM

Updated : 25 Jul 2022, 09:31 PM

বিবিসি বলছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় তাহোউয়া অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির প্রধানমন্ত্রী ব্রিজি রাফিনি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন।

স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীরা ওই শরণার্থী শিবিরের একটি সেনা চৌকি লক্ষ করে হামলা চালায়।

মালির উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে চারবছর ধরে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। জিহাদিদের বিতাড়িত করার লক্ষ্যে ফরাসি সেনারা অভিযান শুরু করার পর থেকে অঞ্চল দু’টিতে এই অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়।

সাম্প্রতিক এই হামলায় তিন সেনা আহতও হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী রাফিনি।

গেল মাসে নাইজারের তাবারে-বারে শিবিরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় দুই শরণার্থী নিহত হন। এই শিবিরটিতেও মালির অনেক শরণার্থী রয়েছেন।

নাইজারের সেনাবাহিনী বর্তমানে ইসলামপন্থি বোকো হারাম জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে।