কলম্বিয়ার প্রেসিডেন্ট সান্তোস: যুদ্ধবাজ থেকে শান্তির পায়রা
“মেয়াদের শেষ মুহূর্ত পর্যন্ত শান্তি খুঁজব,” ফার্ক বিদ্রোহীদের সঙ্গে সরকারের শান্তি চুক্তি জনগণ প্রত্যাখ্যান করার পর এমনটিই বলেছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।
দেশের মানুষ না মানলেও শান্তি চুক্তির কারিগর হিসেবে আর শান্তির জন্য এমন দৃঢ় প্রত্যয়ের কারণে সান্তোস শান্তির নোবেলে ভূষিত হয়েছেন।
মাত্র ক’দিন আগেই কলম্বিয়ার মধ্য-ডানপন্থি সরকার ও মার্কসবাদী ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চূড়ান্ত শান্তিচুক্তি সই হয়েছে।
কিউবায় চারবছর ধরে শান্তি আলোচনার পর গত মাসে প্রথমবারের মতো কলম্বিয়ার মাটিতে প্রেসিডেন্ট সান্তোস ও ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর নেতা টিমোচেনকো উষ্ণ করমর্দনের পর চুক্তি সই করেন।
এর মধ্যদিয়ে কলম্বিয়ায় পাঁচ দশকের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী লড়াইয়ের অবসান ঘটে। যে লড়াইয়ে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষের প্রাণহানি হওয়াসহ ঘর-বাড়ি হারিয়েছে লাখ লাখ মানুষ।
তবে সমালোচকরা বলছেন, কলম্বিয়া সরকার ফার্ক গোষ্ঠীর সঙ্গে যে চুক্তি করেছে, তাতে বিদ্রোহী দলটিকে অনেক বেশি ছাড় দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট সান্তোস দেশে লড়াইয়ের অবসান ঘটাতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে শান্তিতে নোবেল পেলেও এবং সম্প্রীতির পথে হাঁটার জন্য এখন প্রশংসা কুড়ালেও তিনি সবসময়ই এমন ইতিবাচক মনোভাবের ছিলেন না বা তার সুরও সম্প্রীতির ছিল না।
এক দশকেরও কম সময় আগে প্রতিরক্ষামন্ত্রী থাকাকালে তিনি ইকুয়েডরে একটি ফার্ক শিবিরে বোমা হামলার অনুমোদন দিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন। ওই হামলার ব্যাপারে প্রতিবেশী দেশটিকে অবগতও করেননি তিনি।
সেই সময়কার যুদ্ধবাজ এই মন্ত্রী সান্তোস রাজনৈতিক পথপরিক্রমায় কিভাবে শান্তির পায়রা হয়ে আবির্ভূত হলেন তারই চিত্র তুলে ধরেছে বিবিসি।
লড়াকু মন্ত্রী
সান্তোসের ক্ষমতায় উত্তরণটা হয়েছে ভালভাবেই। পূর্বসূরি আলভারো ইউরিবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার সুবাদে সুগম হয়েছে সান্তোসের রাজনৈতিক পথ পরিক্রমা।
২০০৬ সালে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে অবিরাম লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয়বারের মতো চার বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ইউরিব।
পরে মন্ত্রিসভায় রদবদলের আওতায় প্রেসিডেন্ট ইউরিব প্রতিরক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন সান্তোসকে।
ইউরিবকে রাজনৈতিক দল গড়া থেকে শুরু করে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার পর্যন্ত সবসময়ই সমর্থন করে আসছিলেন সান্তোস।
প্রতিরক্ষামন্ত্রী হিসাবে কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান পরিচালনা করে সান্তোস বেশ নামও কুড়ান।
তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ফার্ক গেরিলাদের হাতে অপহৃত একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং তিন আমেরিকান নাগরিক মুক্তি পান।
তাছাড়া, পাশের দেশ ইকুয়েডরে ফার্ক বিদ্রোহীদের ওপর কলম্বিয়া সেনাবাহিনীর বোমা হামলায় গোষ্ঠীটির নেতাও নিহত হয়।
রঙবদল
বোমা হামলায় সান্তোসের সাফল্যের মধ্যেও তার এ অভিযান ২০০৮ সালে ইকুয়েডরের সঙ্গে কলম্বিয়ার কূটনৈতিক সঙ্কট তৈরি করেছিল। কলম্বিয়ার বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করে ইকুয়েডর।
আর ঠিক ওই সময়েই এও প্রমাণ পাওয়া যায় যে, কলম্বিয়ার সামরিক বাহিনী বেসামরিক মানুষজনকে হত্যা করে তাদেরকে বিদ্রোহী সদস্য বলে চালিয়ে দিচ্ছে ‘শত্রুপক্ষের মৃতের সংখ্যা বেশি’ দেখানোর জন্য।
এ ভুয়া প্রচারণার কেলেঙ্কারিই প্রেসিডেন্ট ইউরিবের শাসনামলের সবচেয়ে কালো অধ্যায় হয়ে দাঁড়ায়।
তবে এতে সান্তোসের জনপ্রিয়তায় আঁচ লাগেনি। তিনি তখনও ছিলেন জনপ্রিয় । ২০০৯ সালে পরের বছরের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর জন্য সান্তোস প্রতিরক্ষামন্ত্রী পদে ইস্তফা দেন।
২০১০ সালের মার্চে কলম্বিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জিতেন সান্তোস।
কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পরপরই পূর্বসূরি ইউরিবের নীতি থেকে সরে এসে অনেককেই হতবাক করে দেন সান্তোস।
হুগো শ্যাভেজের নেতৃত্বাধীন বামপন্থি ভেনেজুয়েলা সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেন তিনি, যে দেশটির সঙ্গে প্রেসিডেন্ট ইউরিবের বনিবনা ছিল না।
আগের সরকারে ক্ষমতার অপব্যবহারের জন্য কয়েকজন সদস্যের বিচারও করেন সান্তোস।
শান্তির পথ
২০১২ সালে কিউবার উদ্যোগে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে গোপন শান্তি আলোচনা চলার জল্পনার অবসান ঘটিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান সান্তোস।
নীতির এই পরিবর্তনের কারণে সান্তোসের সাবেক দুই মিত্র তাকে ছেড়ে চলে যায় এবং ইউরিব দেশের বিরোধীদলের প্রধান হন।
দুই রাজনীতিবিদের মধ্যে তখন এমনই শত্রুতা তৈরি হয়ে যায় যে, ২০১৪ সালে সান্তোস দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার শুরু করলে ইউরিব তার (সান্তোস) প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন দেন।
কিন্তু পরবর্তীতে রান-অফ ভোটে খুব কম ভোটের ব্যবধানে সান্তোসই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হন। ফার্ক গেরিলাদের সঙ্গে শান্তিচুক্তি এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েই আবার ক্ষমতায় আসেন তিনি।
এরপর দুবছরের গোপন আলোচনা এবং প্রায় চারবছরের আনুষ্ঠানিক আলোচনা শেষে এবছর ২৬ সেপ্টেম্বর ফার্ক গোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি সইয়ের ঘোষণা দেন তিনি। তবে যে কোনও চুক্তিতেই দেশের জনগণের অনুমোদন নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সান্তোস।
শান্তিচুক্তির ওপর গণভোটটি হয় সেকারণেই। কিন্তু ২ অক্টোবরের ওই গণভোটে কলম্বিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষই চুক্তির বিরুদ্ধে মত দেয়। চুক্তিটি ফার্ক বিদ্রোহীদের জন্য বেশি উদার হয়ে গেছে বলেই মত অধিকাংশের।
তারপরও সান্তোস শান্তির পথে চূড়ান্ত সমঝোতার জন্য আলোচনা চালিয়ে যাওয়ারই প্রতিশ্রুতি দিয়েছেন।
নোবেল কমিটির আশা, প্রেসিডেন্ট সান্তোস এবং ফার্ক গেরিলাদের নেতা পরিস্থিতি আবার যুদ্ধের দিকে গড়াতে দেবেন না।
তাছাড়া, কলম্বিয়ার গণভোটে শান্তিচুক্তির বিরুদ্ধে জনরায় আসলে শান্তির বিরুদ্ধে ভোট নয় বরং শান্তিচুক্তির ধরনটি জনগণ অপচ্ছন্দ করেছে বলেই মনে করে নোবেল কমিটি।
