যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে নথি প্রকাশ করবে উইকিলিক্স
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আরও প্রায় ১০ লাখ নথি প্রকাশ করবেন বলে জানিয়েছেন উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ।
তথ্যগুলো যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা ও তিনটি দেশের সরকারের বিষয়ে বলে জানান তিনি।
একটি ভিডিও লিংকে অ্যাসেঞ্জ বলেন, এ বছর শেষ হওয়ার আগেই নথিগুলো প্রকাশ করা হবে।
আগামী সপ্তাহ থেকেই নথি প্রকাশ শুরু হবে বলেও জানান তিনি।
গ্রেপ্তার এড়াতে প্রায় চার বছর ধরে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে অবস্থান করছেন ৪৫ বছর বয়সী অ্যাসেঞ্জ।
তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত নথিগুলো ‘গুরুত্বপূর্ণ’ এবং ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই সেগুলো প্রকাশ করা হবে।
ডেমক্রেটিক দলের রাজনৈতিক সম্মেলনের আগে উইকিলিকস ডেমক্র্যাটিক ন্যাশনাল কমিটি নিয়ে একগাদা নথি প্রকাশ করে।
তারপর হিলারি উইকিলিকস গ্রুপ দমনের চেষ্টা করেছিলেন দাবি করে অ্যাসেঞ্জ বলেন, ওই সময় হিলারির প্রচার শিবির থেকে উকিলিকসের তথ্যভাণ্ডারে প্রবেশের ফলে ইন্টারনেট ব্যবহারকারীদের কম্পিউটার ভাইরাস আক্রান্ত হতে পারে বলে মিথ্যা খবর ছড়িয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রতিশোধ নিতেই অ্যাসেঞ্জ প্রেসিডেন্ট নির্বাচনের আগে নির্বাচন সংক্রান্ত গোপন নথি প্রকাশ করছেন কিনা এমন প্রশ্ন অনেকের মনেই উঠছে।
হিলারির ক্ষতি করতে নির্বাচনের আগে গোপন নথি ফাঁস করার বিষয়টি অস্বীকার করে অ্যাসেঞ্জ বলেন, “বছর শেষ হওয়ার আগে উইকিলিকস যে নথিগুলো প্রকাশ করতে যাচ্ছে তা অন্য কারণে গুরুত্বপূর্ণ। ওই নথিগুলোর দ্বারা তিনটি বিভিন্ন দেশের তিনটি শক্তিশালী সংগঠন প্রভাবিত হতে যাচ্ছে…সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাও।”
“আমার ও উইকিলিকসের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে….আমরা হিলারির ক্ষতি করতে চাই অথবা আমি হিলারির ক্ষতি করতে চাই অথবা আমি হিলারি ক্লিন্টনকে পছন্দ করি না এ সবই মিথ্যা কথা।”
উইকিলিকসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই ভিডিও লিংকটি প্রকাশ করা হয়।
