সিরিয়া: রাশিয়ার সঙ্গে আলোচনা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
‘প্রতিশ্রুতি অনুযায়ী চলতে পারছে না’ অভিযোগ তুলে গেল মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার জন্য রাশিয়াকে দায়ী করে সিরিয়ার বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে সিরিয়া বিষয়ে রাশিয়ার সঙ্গে সব ধরনের আলোচনা স্থগিত করার কথা জানান।
বেসামরিকদের বিরুদ্ধে হামলার তীব্রতা বৃদ্ধি করার জন্য রাশিয়া ও সিরিয়ার সরকারকে দায়ী করেছে ওয়াশিংটন।
গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছিল, মস্কো আলেপ্পোতে বোমা হামলা চালানো বন্ধ না করলে তারা আলোচনা থামিয়ে দেবে।
অপরদিকে গেল মাসের যুদ্ধবিরতির ভেঙে যাওয়ার দায় নিজের ঘাড় থেকে সরিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর চাপাচ্ছে বলে পাল্টা অভিযোগ করে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে খেদ প্রকাশ করেছে রাশিয়া।
দুই সপ্তাহ আগে ওই যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে সিরিয়ার আলেপ্পো শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করা হচ্ছে।
সোমবার বিদ্রোহীদের কয়েকটি সূত্র জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্বাংশের প্রধান ট্রমা হাসপাতালে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো বিমান হামলা চালানো হয়েছে।
গেল মাসে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সিরিয়ার সরকারি বাহিনীগুলো ব্যাপক অভিযান শুরু করে। এতে শিশুসহ কয়েকশত মানুষ নিহত হন। শহরটির বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশ সরকারি বাহিনীর অবরোধের মধ্যে থাকায় ওই এলাকার প্রায় আড়াই লাখ মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
