‘খাবারে বিষ’, আইএস প্রধান বাগদাদি ‘গুরুতর অসুস্থ’
একজন ‘গুপ্তঘাতকের বিষ মেশানো খাবার’ খেয়ে ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়েছেন বলে খবর বেরিয়েছে।
সোমবার ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ইরাকের নিনেভের বেয়াজ এলাকায় বাগদাদি ও জঙ্গিগোষ্ঠীটির আরো তিনজন কমান্ডারের জন্য প্রস্তুত করা খাবারে বিষ মেশানো হয়।
এতে বাগদাদিসহ চার জঙ্গি ‘মারাত্মক বিষাক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন’ বলে একটি ইরাকি বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে জানায় মেইল।
এই চার নেতাকে ‘কঠোর গোপনীয়তার মধ্যে একটি অজানা স্থানে নেওয়া হয়েছে’ বলে জানা গেছে।
নেতাদের খাবারে বিষ মেশানোর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইএস একটি তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বাগদাদির সঙ্গী অন্য তিন নেতার পরিচয় জানা যায়নি।
আল কায়েদার একটি দলছুট অংশকে নিয়ে স্বনির্ভর ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী গড়ে তোলেন বাগদাদি। ধারণা করা হয়, অল্প কিছুদিনের মধ্যেই গোষ্ঠীটি বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ও সম্পদশালী সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।
বাগদাদির চলাফেরা তার একান্ত ঘনিষ্ঠ চক্র ছাড়া আর কেউ জানে না। তিনি এক জায়গায় বেশিক্ষণ অবস্থান করেন না বলেও জানা যায়। বিমান হামলা এড়ানোর জন্য তিনি অনবরত ইরাক ও সিরিয়ার বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করেন বলেও জানা গেছে।
বাগদাদির নেতৃত্বে আইএস জঙ্গিগোষ্ঠীটি ২০১৩ সালে ব্যাপক আক্রমণ চালিয়ে সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে নেয়।
বিমান হামলায় বেশ কয়েকবার আহত হয়েছিলেন বাগদাদি। এসব হামলার পর বেশ কয়েকবার তার মৃত্যু সংবাদ প্রকাশ হলেও প্রতিবারই তিনি জীবিত অবস্থায় আত্মপ্রকাশ করেছেন।
