২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ল রাশিয়া

সিরিয়ায় বিমান হামলা নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অভিযোগের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে রাশিয়া বলেছে, “তাদের বাগাড়ম্বর মেনে নেওয়া যায় না।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2016, 10:41 PM

Updated : 12 Apr 2022, 02:56 AM

আলেপ্পোয় সিরিয়া এবং রাশিয়ার বিদ্রোহী হটাও অভিযানের কারণে নিরীহ মানুষের ব্যাপক প্রাণহানির ঘটনায় জাতিসংঘ অধিবেশনে রাশিয়ার বিরুদ্ধে ‘বর্বরতা’র অভিযোগ করেন মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার।

ওদিকে, নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বিশেষ বৈঠকে আলেপ্পো পরিস্থিতি নিয়ে আলোচনার সময় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেন জাতিসংঘের ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাথিউ রিক্রফ্ট।

এর পরিপ্রেক্ষিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে এ ধরনের ভাষা সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধ অবসানের চেষ্টা ব্যাহত করতে পারে।

সিরিয়ার সেনাবাহিনী গত বৃহস্পতিবার থেকে আলেপ্পো শহর বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করার জন্য অভিযান শুরু করেছে। রাশিয়ার জঙ্গি বিমানগুলো শহরজুড়ে বিদ্রোহী অবস্থানগুলোতে  হামলা করে যাচ্ছে।

বিদ্রোহীদের অভিযোগ, রাশিয়া বাহিনী অভিযানে ফসফরাস এবং গুচ্ছ বোমা ব্যবহার করছে।

আলেপ্পোয় রাতভর নতুন করে আরও বিমান হামলা হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। এতে অন্তত ২ জন নিহত হওয়া ছাড়াও বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

আর গত সোমবার থেকে আলেপ্পোয় চলমান লড়াইয়ে এ পর্যন্ত অন্তত ১৬২ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।