বিয়ের আগেই পিতৃত্বের পরীক্ষা!
বিয়ের আগে এক অভিনব পরীক্ষায় পড়তে হচ্ছে জাপানের পুরুষদের। নারী সঙ্গীকে আকৃষ্ট করতে বিয়ের আগে সন্তান-লালন পালনে পিতৃত্বের পরিচয় দেয়ার একটি কোর্স চালু হয়েছে।
বাণিজ্যিক নগরী ওসাকার একটি কোম্পানির উদ্যেগে পরীক্ষামূলকভাবে এই কোর্স চালু হয়েছে জাপানের ইকেমেন বিশ্ববিদ্যালয়ে।
মূলত বিয়ের জন্য পাত্রী খুঁজতে জাপানিদের যে দুর্ভোগ পোহাতে হয়, তা থেকে রেহাই দিতে এ অভিনব পদ্ধতি চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সন্তান লালন-পালনে নারীদের স্বাধীনতায় হস্তেক্ষেপ এবং পুরুষদের উদাসীনতার অভিযোগ অনেক আগে থেকে করে আসছে জাপানি নারীরা।
আর এজন্য বিয়ের প্রতি তাদের এক ধরনের অনীহাও রয়েছে বলে সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে।
অল ইকেমেন কোর্স এর আওয়তায় একজন পুরুষকে সাত কেজি ওজনের একটি প্রসূতি জ্যাকেট পরিয়ে দেয়া হয়। নারীকে প্রসূতিকালে কতটা কষ্ট আর ভার বহন করতে হয় তা বোঝাতেই এ ব্যবস্থা। একই সঙ্গে এ কোর্সে অবিবাহিত যুবকদের কিভাবে জন্মের পর শিশুদের খাওয়ানো, গোসল করানো কিংবা ডায়পার পরিবর্তন করতে হয় তাও দেখানো হয়।
জাপানে ৪৪ শতাংশ অবিবাহিত নারী-পুরুষ রয়েছে বলে সম্প্রতি এক জরীপে উঠে এসেছে।
স্থানীয় জনসংখ্যা ও সামাজিক নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউটের এ গবেষণায় দেখা গেছে, জাপানের ১৮ থেকে ৩৪ বছর বয়সী শতকরা ৭০ ভাগ অবিবাহিত পুরুষ এবং ৬০ ভাগ অবিবাহিত নারীর কোনও প্রেম সম্পর্কও নেই।
