লিবিয়ায় ইতালীয় দুই নাগরিক অপহৃত
লিবিয়ায় দুইজন ইতালীয় নাগরিক অপহৃত হয়েছেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
বিবিসি বলছে, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তারা সোমবার সকালে অপহরণের এই ঘটনার কথা জানতে পেরেছে।
তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, একজন কানাডীয় নাগরিকসহ ওই দুই ইতালীয়কে লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ঘাটে নিয়ে যাওয়া হয়েছে।
অপহৃতরা সবাই স্থানীয় একটি বিমানবন্দরে একটি কোম্পানির হয়ে রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়।
লিবিয়ায় জাতীয় ঐক্যমত্যের ত্রিপোলিভিত্তিক সরকার ঘাট শহর নিয়ন্ত্রণ করছে।
